কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের স্ক্র্যাপ ইয়ার্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সোমবার (১২ জানুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে বিদ্যুৎকেন্দ্রের ভেতরে অবস্থিত স্ক্র্যাপ ইয়ার্ডে আগুনের সূত্রপাত হয়। খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় মহেশখালী ও চকরিয়া উপজেলা থেকে অতিরিক্ত ফায়ার সার্ভিস ইউনিট পাঠানো হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, আগুন এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি এবং নির্বাপণের কাজ চলমান রয়েছে।
কক্সবাজার ফায়ার সার্ভিসের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, স্ক্র্যাপ ইয়ার্ডে দাহ্য বর্জ্য ও যন্ত্রাংশ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে আনতে চারটি ইউনিট একযোগে কাজ করছে।
মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান মাহমুদ ডালিম অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, বিদ্যুৎকেন্দ্রের অভ্যন্তরে স্ক্র্যাপ ইয়ার্ডেই আগুন লেগেছে। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। তিনি ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন বলেও জানান।
এদিকে বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও এ বিষয়ে তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং প্রকৃত কারণ তদন্ত শেষে জানা যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
