ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ফেনী-৩ (সোনাগাজী–দাগনভূঞা) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডা. ফখরুদ্দিন মানিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে মাতুভূঞা ইউনিয়নের উত্তর আলীপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম নেতৃত্বে অভিযানে দেখা যায়, ডা. ফখরুদ্দিন মানিক অভিভাবক সমাবেশের নামে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানানো হয়, রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা, ২০২৫-এর বিধি-১৮ লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় জরিমানা করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম বলেন,
দায় এড়ানোর জন্য অভিভাবক সমাবেশের নাম ব্যবহার করা হয়েছিল। তাদের দাবির সত্যতা পাওয়া যায়নি। নির্বাচনী কার্যক্রমের ভিডিও ফুটেজে আচরণবিধি লঙ্ঘনের প্রমাণ রয়েছে।
পরে প্রার্থীর প্রতিনিধি জরিমানার অর্থ পরিশোধ করেছেন বলে জানা গেছে।
প্রতিষ্ঠিত নিয়ম অমান্য করে নির্বাচনী কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে এই ধরনের পদক্ষেপ গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে বিবেচিত হবে।
