তিন দফা দাবি আগামী ২৫ সেপ্টেম্বরের মধ্যে বাস্তবায়ন না হলে ২৬ সেপ্টেম্বর থেকে আমরণ অনশনে যাওয়ার ঘোষণা দিয়েছেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। শনিবার (৩০ আগস্ট) বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত মহাসমাবেশে এই কর্মসূচি ঘোষণা করা হয়।
এদিন বিকেলে শিক্ষকদের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্মারকলিপি জমা দেওয়ার পর শহীদ মিনারে ফিরে মহাসমাবেশে যোগ দেন। সকাল ১০টায় জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু হয় এই সমাবেশ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত হাজারো প্রাথমিক শিক্ষক ব্যানার-ফেস্টুন হাতে এ সমাবেশে অংশ নেন।
‘সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ’ নামে ছয়টি শিক্ষক সংগঠনের যৌথ প্ল্যাটফর্ম এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে। সমাবেশে সংগঠনের সভাপতি মনির হোসেন আল্টিমেটাম দিয়ে বলেন,
আমাদের দাবি দীর্ঘদিনের। সরকার যদি ২৫ সেপ্টেম্বরের মধ্যে দাবি পূরণের উদ্যোগ না নেয়, আমরা ২৬ সেপ্টেম্বর থেকে শহীদ মিনারে অনশন শুরু করব। প্রয়োজনে এই আন্দোলন আমরণ চলবে।
শিক্ষকরা যে তিনটি মূল দাবি তুলে ধরেছেন:
1. প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে ১১তম গ্রেডে বেতন-ভাতা নিশ্চিত করা।
2. শতভাগ শিক্ষককে পদোন্নতির সুযোগ দেওয়া।
3. ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা দূর করা।
প্রাথমিক শিক্ষকরা বলছেন, দীর্ঘদিন ধরে তাদের দাবিগুলো উপেক্ষিত হচ্ছে। শিক্ষাব্যবস্থার মান উন্নয়নে প্রাথমিক শিক্ষকদের ভূমিকা গুরুত্বপূর্ণ হলেও ন্যায্য মর্যাদা ও প্রাপ্য সুবিধা থেকে তারা বঞ্চিত।
শিক্ষক নেতারা আরও জানান, বেতন-ভাতা ও পদোন্নতি সংক্রান্ত বৈষম্যের কারণে শিক্ষকরা পেশায় আগ্রহ হারাচ্ছেন। শিক্ষার মান উন্নত করতে হলে প্রাথমিক স্তরের শিক্ষকদের জীবনমানও উন্নত করতে হবে।
শহীদ মিনারে সমাবেশে অংশ নেওয়া শিক্ষকেরা জানান, আন্দোলন শুধু নিজের স্বার্থে নয়, দেশের প্রাথমিক শিক্ষার উন্নয়ন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্যও জরুরি।
