ময়মনসিংহের হালুয়াঘাটে রাতের অন্ধকারে পুলিশের অভিযানের পর সকালে এক শিক্ষকের মরদেহ উদ্ধার ঘিরে সৃষ্টি হয়েছে চাঞ্চল্য। উপজেলার কৈচাপুর ইউনিয়নের দক্ষিণ মাইজপাড়া গ্রামে শুক্রবার (৩১শে অক্টোবর) সকালে ধানক্ষেত থেকে উদ্ধার করা হয় ৫০ বছর বয়সী প্রাইভেট শিক্ষক আবু সাদাদ সায়েমের মরদেহ।
স্থানীয়ভাবে প্রিয় শিক্ষক হিসেবে পরিচিত সায়েম জীবিকা নির্বাহ করতেন বিভিন্ন স্তরের শিক্ষার্থীদের প্রাইভেট পড়িয়ে। পরিবারের অভিযোগ, তাকে পরিকল্পিতভাবে হত্যা করে ধানক্ষেতে ফেলে রাখা হয়েছে।
পরিবার ও স্থানীয় সূত্র জানায়, নিহতের বাবা মোসলেম উদ্দিনের সঙ্গে ছোট ভাই মোজাম্মেল হোসেনের জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলছিল। সেই বিরোধের জেরে গত শুক্রবার দুই পরিবারের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এরপর প্রতিপক্ষ থানায় ৮ জনের বিরুদ্ধে মামলা করলে, ওই মামলায় ১ নম্বর আসামি হন আবু সাদাদ সায়েম।
বৃহস্পতিবার (৩০শে অক্টোবর) গভীর রাতে মামলার তদন্তকারী কর্মকর্তার নেতৃত্বে পুলিশ সায়েমকে ধরতে তার বাড়িতে যায়। কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি পালিয়ে যান বলে জানা গেছে। পুলিশ তাকে না পেয়ে ফিরে আসে। এরপর থেকে আর তার খোঁজ মেলেনি।
পরদিন ভোরে বাড়ির পাশের ধানক্ষেতে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায় তার নিথর দেহ। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের ছোট ভাই জসিম উদ্দিন অভিযোগ করে বলেন,
পুলিশের সহযোগিতায় বাদী পক্ষের লোকজন পরিকল্পিতভাবে আমার ভাইকে হত্যা করে ধানক্ষেতে ফেলে রেখে গেছে। অথচ পুলিশ বলেছিল কোনো আসামি ধরবে না, কিন্তু তারা আমাদের কাছ থেকে টাকাও নিয়েছিল।
তিনি দাবি করেন, সায়েম নিরপরাধ ছিলেন এবং তাকে প্রতিহিংসার শিকার করা হয়েছে।
স্থানীয় থানার একজন কর্মকর্তা জানান,
নিহতের শরীরে কিছু নিলাফুলা জখম ও আঁচড়ের চিহ্ন পাওয়া গেছে, তবে বড় ধরনের আঘাত পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট আসার পর মৃত্যুর কারণ নিশ্চিতভাবে বলা যাবে।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে এবং পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনার পর পুরো এলাকায় নেমে এসেছে শোক ও আতঙ্ক। শিক্ষার্থীরা ও স্থানীয়রা একজন সৎ ও নিরহ শিক্ষককে এমনভাবে হারানোর ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন।
গ্রামবাসীর একমাত্র প্রশ্ন—একজন শিক্ষক, যার হাতে কলম ছাড়া আর কিছু ছিল না, কেন তাকে এমন মর্মান্তিক পরিণতির শিকার হতে হল।
