সিটি ইউনিভার্সিটিতে আটক থাকা ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ১১ শিক্ষার্থীকে অবশেষে হস্তান্তর করা হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে তাদের ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়।
সিটি ইউনিভার্সিটির প্রক্টর শেখ মুহাম্মদ আলিয়া জানান, শিক্ষার্থীরা ক্যাম্পাসে আটকা পড়ে গিয়েছিলেন, তাই নিরাপত্তার স্বার্থে তাদের বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে রাখা হয়েছিল। তিনি বলেন,
আমরা তাদের কাউকে আটকে রাখিনি, বরং নিরাপদে রেখেছি যাতে কেউ আঘাত করতে না পারে। পরবর্তীতে তাদের প্রশাসনের প্রতিনিধিরা এসে নিয়ে গেছেন।
অন্যদিকে, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের এক্সটারনাল অ্যাফেয়ার্স ডিরেক্টর সৈয়দ মিজানুর রহমান অভিযোগ করেন, হস্তান্তরের আগে শিক্ষার্থীদের ওপর নির্মমভাবে মারধর করা হয়েছে। তার দাবি,
শিক্ষার্থীদের পিটিয়ে আধমরা করা হয়েছে এবং জোর করে এমন জবানবন্দি আদায় করা হয়েছে যেখানে বলা হয়েছে, ভিসি শিক্ষার্থীদের ভাঙচুরে পাঠিয়েছিলেন।
তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম ও শিক্ষকরা উপস্থিত থেকে ইউজিসি প্রতিনিধিদের মাধ্যমে শিক্ষার্থীদের মুক্ত করেন। পরে তাদের ক্যাম্পাসে আনা হয় এবং গুরুতর আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়।
