চট্টগ্রাম নগরের বাকলিয়া এলাকায় ব্যানার টানানো ও সরানোকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মো. সাজ্জাদ (২৬) নামে এক যুবদলকর্মী গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন। গুরুতর আহত হয়েছেন অন্তত আটজন, যাদের সবাইকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে সোমবার (২৭ অক্টোবর) দিবাগত রাতের দিকে বাকলিয়া থানার এক্সেস রোড এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেনের ছবিযুক্ত একটি ব্যানার সরানোকে কেন্দ্র করেই দুই পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই তা সংঘর্ষে রূপ নেয়, এবং এক পর্যায়ে গুলির ঘটনা ঘটে। এতে সাজ্জাদ নামে এক যুবদলকর্মী ঘটনাস্থলেই মারা যান।
স্থানীয়দের ভাষ্য, এলাকায় রাজনৈতিক প্রভাব বিস্তার ও মাদক ব্যবসা সংক্রান্ত বিরোধ দীর্ঘদিন ধরে চলছিল। ব্যানার টানানোর ঘটনাটি সেই পুরনো দ্বন্দ্বেরই নতুন রূপ বলে মনে করছেন অনেকে।
প্রত্যক্ষদর্শী মিনহাজুল ইসলাম জানান,
রাতের দিকে হঠাৎ গুলির শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে। দেখি কয়েকজনকে রক্তাক্ত অবস্থায় নিয়ে যাওয়া হচ্ছে।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশিক বলেন,
গুলিবিদ্ধ অবস্থায় এক যুবককে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বুকে গুলির আঘাত ছিল। আহত আরও আটজন চিকিৎসাধীন আছেন।
এ ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ জানায়, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে এবং তদন্ত চলছে।
