গোপালগঞ্জে আনসার ক্যাম্প লক্ষ্য করে ককটেল নিক্ষেপ, এলাকায় আতঙ্ক

নিজস্ব প্রতিনিধি

1 Min Read

গোপালগঞ্জ জেলা শহরের নিরাপত্তা ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানিয়ে আনসার ও ভিডিপি ব্যাটালিয়নের জেলা সদর দফতরে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৩০ জানুয়ারি) রাত ১০টার দিকে বেদগ্রাম মোড়ে অবস্থিত আনসার ও ভিডিপি জেলা সদর দফতরে এ ঘটনা ঘটে।

বিস্ফোরণের বিকট শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও এতে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্র জানায়, অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা আনসার ক্যাম্পের ভেতরে দুটি ভবনের মাঝখানের ফাঁকা জায়গায় হাতে তৈরি একটি ককটেল নিক্ষেপ করে। সঙ্গে সঙ্গে সেটি বিস্ফোরিত হলে ক্যাম্পের সদস্যদের পাশাপাশি আশপাশের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অন্ধকারের সুযোগে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ জানান, ঘটনার বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

উল্লেখ্য, এর আগে গত ২৬ জানুয়ারি গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে এবং ২৮ জানুয়ারি রাতে গোপালগঞ্জ জেলা ও দায়রা জজের বাসভবন এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরপর এসব ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বাড়ছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *