কক্সবাজারের চকরিয়ায় অপহরণের শিকার কিশোর মোহাম্মদ পারভেজ (১৭) কে উদ্ধার করেছে চকরিয়া থানা পুলিশ। পুলিশের বিশেষ অভিযানে তাকে উদ্ধার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
উদ্ধার হওয়া পারভেজ চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের কোরবানিয়া ঘোনা এলাকার বাসিন্দা মনজুর আলমের ছেলে। তিনি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ এলাকায় একটি দোকানে কাজ করতেন।
পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার গভীর রাতে লোহাগাড়ার আমিরাবাদ এলাকা থেকে নিজ বাড়ি হারবাংয়ে ফেরার পথে চকরিয়ার আজিনগর এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্ত তাকে অপহরণ করে নিয়ে যায়। নির্ধারিত সময়ে বাড়িতে না পৌঁছালে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন এবং খোঁজাখুঁজি শুরু করেন।
পরে অপহরণকারীরা একটি মোবাইল নম্বর থেকে পারভেজের বাবার কাছে ফোন করে মুক্তিপণ দাবি করে বলে জানান পরিবারের সদস্যরা। বিষয়টি জানাজানি হলে পরিবারের পক্ষ থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা চাওয়া হয়।
ঘটনার পর পুলিশ তৎপর হয়ে সম্ভাব্য বিভিন্ন স্থানে অভিযান শুরু করে। পুলিশের তথ্য অনুযায়ী, একটি সংঘবদ্ধ অপহরণকারী চক্র পারভেজকে চকরিয়া উপজেলার ডুলহাজারার দুর্গম পাহাড়ি এলাকায় নিয়ে যায়।
পরে পুলিশের অভিযান জোরদার হলে অপহরণকারীরা তাকে ফেলে পালিয়ে যায়। সেখান থেকে পারভেজকে উদ্ধার করে নিরাপদে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
চকরিয়া থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
