কুমিল্লা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ফলে আসন্ন নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ থাকল না তার।
রোববার (১ ফেব্রুয়ারি) সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ মঞ্জুরুল আহসান মুন্সীর দায়ের করা লিভ টু আপিল খারিজ করে দেন।
এর আগে রিটার্নিং কর্মকর্তা মঞ্জুরুল আহসানের মনোনয়ন বৈধ ঘোষণা করলেও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আবদুল্লাহ তার বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগ তোলেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ১৭ জানুয়ারি নির্বাচন কমিশন (ইসি) মঞ্জুরুল আহসানের মনোনয়ন বাতিল করে।
এই সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি হাইকোর্টে রিট আবেদন করলে ২১ জানুয়ারি তা সরাসরি খারিজ হয়ে যায়। পরবর্তীতে তিনি আপিল বিভাগে নিয়মিত লিভ টু আপিল দায়ের করেন।
গত ২৯ জানুয়ারি আপিল বিভাগের কার্যতালিকার ২ নম্বরে থাকা আবেদনটির শুনানি সম্পন্ন হয়। শুনানি শেষে রোববার সকালে আপিল বিভাগ রায় ঘোষণা করেন।
