ছাত্রশিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, দেশের ভবিষ্যৎ নির্ধারণে ভোটারদের আবেগ নয়, সচেতন সিদ্ধান্ত নিতে হবে। তিনি মন্তব্য করেন, দুর্নীতিগ্রস্তদের হাতে দেশের দায়িত্ব তুলে দেওয়ার প্রয়োজন নেই—
শিয়ালের হাতে মুরগি তুলে দেওয়ার দরকার নেই।
শনিবার (৭ ফেব্রুয়ারি) বগুড়ার কাহালু স্টেশন বাজারে বগুড়া-৪ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মোস্তফা ফয়সাল পারভেজের নির্বাচনী ‘মার্চ ফর দাঁড়িপাল্লা’ কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
সাদ্দাম বলেন, ‘হ্যাঁ’ ভোট দিলে আধিপত্যবাদ ও ফ্যাসিবাদের রাজনীতি আর ফিরে আসবে না। একটি বড় রাজনৈতিক দল ‘না’ ভোটের পক্ষে প্রচারণা চালালেও তাদের বক্তব্য ও কার্যক্রমের মধ্যে মিল নেই বলেও অভিযোগ করেন তিনি। অতীতে তাদের শাসনামলে দুর্নীতি ও প্রতিশ্রুতি ভঙ্গের উদাহরণ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, যারা নিজেরাই দুর্নীতির ইতিহাস তৈরি করেছে, তাদের মুখে দুর্নীতিমুক্ত বাংলাদেশের কথা বিশ্বাসযোগ্য নয়।
এ সময় তিনি জামায়াতে ইসলামীর নির্বাচনী ইশতেহারের বিভিন্ন দিক তুলে ধরে ভোটারদের সচেতনভাবে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান।
