জাতীয় নাগরিক পার্টির (এনপিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, নির্বাচনী পরিবেশ কেমন হতে পারে তার একটি ‘টেস্ট ম্যাচ’ ইতোমধ্যে ঢাকায় দেখা গেছে এবং পুলিশ আবারও আগের মতো আচরণে ফিরে যাচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে যশোর শহরের দড়াটানা ভৈরব চত্বরে অনুষ্ঠিত এক নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।
হাসনাত আব্দুল্লাহ দাবি করেন, দেশ বর্তমানে দুটি অবস্থানে বিভক্ত—একটি পক্ষ জুলুমের পক্ষে এবং অন্যটি ন্যায় ও ইনসাফের পক্ষে দাঁড়িয়েছে। তিনি বলেন, আগামী ১২ তারিখের নির্বাচনে নির্দিষ্ট প্রতীকে ভোট দিলে মানুষ জুলুম ও চাঁদাবাজি থেকে মুক্তি পাবে এবং কৃষক-শ্রমজীবী মানুষের নিরাপত্তা নিশ্চিত হবে।
পুলিশ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী যেন কোনো রাজনৈতিক দলের প্রভাবমুক্ত থেকে দায়িত্ব পালন করে এবং ঘুষ ও অনিয়ম থেকে দূরে থাকে। জনগণের করের টাকায় তাদের বেতন হয়—এ কথা স্মরণ রেখে বিবেকের কাছে দায়বদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
যশোর জেলা জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়ক মুহা. নুরুজ্জামানের সভাপতিত্বে পথসভায় আরও বক্তব্য দেন যশোর-৩ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী আব্দুল কাদের, এনসিপির দক্ষিণাঞ্চলের সংগঠক শাকিব শাহরিয়ারসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।
সভা শেষে নেতাকর্মীরা শহরে মিছিল করেন এবং পরবর্তী কর্মসূচিতে অংশ নিতে হাসনাত আব্দুল্লাহ খুলনার উদ্দেশে রওনা দেন।
