বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ও ইউরোপীয় পার্লামেন্ট সদস্য ইভারস ইজাবসের নেতৃত্বে ১৫ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বেলা ১১টায় ঢাকায় জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বিশেষভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে উভয় পক্ষ ঘনিষ্ঠভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি দেশের সাংবিধানিক ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী ও টেকসই করার প্রয়োজনীয়তার কথাও উঠে আসে।
এসময় ইইউ পক্ষ জানায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়নের প্রায় ২০০ সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশে কাজ করবে। ভবিষ্যতেও বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের দ্বিপক্ষীয় সম্পর্ক, উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
সাক্ষাৎকালে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, ইউরোপে জামায়াতের মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা, শিক্ষাবিদ ড. যুবায়ের আহমেদ এবং পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন।
