বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় যুক্তরাষ্ট্রের অঙ্গীকার : ব্রেন্ট ক্রিস্টেনসেন

আবিদা সুলতানা, ডেস্ক রিপোর্ট

3 Min Read

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে মনোনীত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেছেন, বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যতের পথে যুক্তরাষ্ট্র সবসময় পাশে থাকবে। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, বর্তমান অন্তর্বর্তী সরকার এবং ভবিষ্যতে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের সঙ্গে ঘনিষ্ঠ অংশীদারিত্ব গড়ে তুলে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ককে আরও দৃঢ় করবেন।

ওয়াশিংটন ডিসিতে সিনেটের পররাষ্ট্র সম্পর্কবিষয়ক কমিটিতে অনুষ্ঠিত মনোনয়ন শুনানিতে ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন,

যদি অনুমোদন পাই, তাহলে ঢাকায় মার্কিন দূতাবাসের দলকে নেতৃত্ব দিয়ে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার ও ভবিষ্যৎ গণতান্ত্রিক সরকারের সঙ্গে একসঙ্গে কাজ করব, যাতে আমাদের দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী হয়। উজ্জ্বল ও গণতান্ত্রিক ভবিষ্যতের পথে বাংলাদেশের যাত্রায় যুক্তরাষ্ট্র পাশে থাকবে।

তিনি আরও উল্লেখ করেন, ২০২৪ সালের আগস্টে শিক্ষার্থীদের নেতৃত্বে আন্দোলনের মাধ্যমে দীর্ঘ ১৫ বছরের সরকারের পতনের পর বাংলাদেশ এক নতুন রাজনৈতিক অধ্যায়ে প্রবেশ করেছে। ২০২৬ সালের শুরুর নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণ নতুন দিগন্তের পথে অগ্রসর হবে, যা হবে দেশের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ নির্বাচন।

ভার্জিনিয়ার নাগরিক ব্রেন্ট ক্রিস্টেনসেন যুক্তরাষ্ট্রের সিনিয়র ফরেন সার্ভিসের একজন অভিজ্ঞ কূটনীতিক। অনুমোদন পেলে তিনি “Ambassador Extraordinary and Plenipotentiary” পদে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নেবেন।

বাংলাদেশের ভূরাজনৈতিক অবস্থান প্রসঙ্গে তিনি বলেন,

দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সংযোগস্থলে অবস্থিত বাংলাদেশ একটি উন্মুক্ত, নিরাপদ ও সমৃদ্ধ ইন্দো-প্যাসিফিক অঞ্চলের গুরুত্বপূর্ণ অংশীদার।

ক্রিস্টেনসেন জানান, তিনি দুই দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশে মার্কিন নীতি নিয়ে কাজ করেছেন এবং ঢাকায় রাজনৈতিক ও অর্থনৈতিক কাউন্সেলর হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তাই বাংলাদেশের সম্ভাবনা, চ্যালেঞ্জ এবং যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থ সম্পর্কে তিনি গভীরভাবে অবগত।

তিনি আরও বলেন,

বাংলাদেশ এখন নতুন এশীয় টাইগার হিসেবে উঠে আসছে। অনুমোদন পেলে আমি বাণিজ্যিক সুযোগ বৃদ্ধি, বাণিজ্য ঘাটতি হ্রাস এবং পারস্পরিক অর্থনৈতিক সহযোগিতা জোরদার করতে কাজ করব।

রোহিঙ্গা সংকট প্রসঙ্গে ক্রিস্টেনসেন বলেন,

গত আট বছর ধরে বাংলাদেশ যে মানবিক দায়িত্ব পালন করছে, তা প্রশংসনীয়। আমি বাংলাদেশ সরকার, আন্তর্জাতিক সংস্থা ও যুক্তরাষ্ট্র সরকারের সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে মিলে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে কাজ করব।

শুনানির শেষে তিনি বলেন,

বাংলাদেশে রাষ্ট্রদূত হিসেবে কাজ করার সুযোগ পেলে এটি আমার জন্য এক বিশেষ সম্মানের বিষয় হবে। আমি ঢাকায় মার্কিন দূতাবাসের দক্ষ নারী-পুরুষদের নেতৃত্ব দিয়ে আমাদের অংশীদারত্ব আরও গভীর করতে চাই।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত ব্রেন্ট ক্রিস্টেনসেন ঢাকায় মার্কিন দূতাবাসের রাজনৈতিক ও অর্থনৈতিক কাউন্সেলর হিসেবে দায়িত্ব পালন করেছেন। এবার রাষ্ট্রদূত হিসেবে তার প্রত্যাবর্তনকে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের নতুন অধ্যায় হিসেবে দেখা হচ্ছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *