জাতীয় নির্বাচনের আগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন আয়োজন না করার সিদ্ধান্তের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে শাবিপ্রবি ক্যাম্পাস। নির্বাচন স্থগিত সংক্রান্ত সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থীরা গভীর রাত পর্যন্ত বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।
সোমবার (১২ জানুয়ারি) রাত ১১টার দিকে বিভিন্ন আবাসিক হল ও মেস থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা ক্যাম্পাসের গোলচত্বরে জড়ো হন। পরে সেখান থেকে মিছিল নিয়ে শাকসু নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। আন্দোলনে ছাত্রদল, ছাত্রশিবির ও স্বতন্ত্র প্যানেলের প্রার্থীরাও অংশ নেন।
শিক্ষার্থীরা ২০ জানুয়ারির মধ্যে শাকসু নির্বাচন আয়োজনের দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ রেখে শিক্ষার্থীদের প্রতিনিধিত্বের অধিকার খর্ব করা হচ্ছে। জাতীয় নির্বাচনের অজুহাতে আবারও নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত তারা মেনে নেবেন না বলে জানান।
ভোর সাড়ে ৫টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশ্বাসের পর আন্দোলন সাময়িকভাবে স্থগিত করা হয়। তবে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা থাকায় সন্ধ্যা পর্যন্ত ক্যাম্পাসে সব ধরনের মিছিল ও সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ।
বিক্ষোভে অংশ নেওয়া এক সাধারণ সম্পাদক পদপ্রার্থী বলেন, ছাত্র সংসদ নির্বাচন শিক্ষার্থীদের মৌলিক অধিকার। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা এই নির্বাচন আর বিলম্বিত করা হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
আন্দোলনকারীরা দ্রুত নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান এবং দাবি আদায় না হলে ভবিষ্যতে আন্দোলন আরও জোরদার করার হুঁশিয়ারি দেন।
এ বিষয়ে শাকসু নির্বাচন কমিশনের এক মুখপাত্র জানান, নির্বাচন সংক্রান্ত প্রজ্ঞাপন কার্যকর হলে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
