অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান শনিবার (২৭ ডিসেম্বর) তাঁর পদ থেকে পদত্যাগ করবেন। বুধবার (২৪ ডিসেম্বর) অ্যাটর্নি জেনারেলের কার্যালয় সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, নির্ধারিত সময় অনুযায়ী শনিবার আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেবেন তিনি। এর মাধ্যমে বর্তমান দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর প্রক্রিয়া চূড়ান্ত হবে।
এর আগে গত শনিবার (২০ ডিসেম্বর) তিনি অ্যাটর্নি জেনারেলের পদ ছেড়ে ঝিনাইদহ-১ (শৈলকূপা) আসন থেকে ধানের শীষ প্রতীকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন।
পদত্যাগের ঘোষণা প্রসঙ্গে তিনি বলেন, অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব থেকে সরে এসে সকলকে সঙ্গে নিয়ে সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেবেন। এলাকার উন্নয়ন ও সন্ত্রাসমুক্ত শৈলকূপা গড়ে তুলতেই তিনি সংসদ সদস্য হতে চান বলে জানান।
বুধবার বিকেলে শৈলকূপা উপজেলা বিএনপির আয়োজনে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির রুহের মাগফেরাত কামনা এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ ও নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্তকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে।
