পোস্টাল ভোটে নিবন্ধন ৬ লাখ ৭৬ হাজার ছাড়াল, ব্যালট পৌঁছেছে পৌনে দুই লাখ প্রবাসীর কাছে

মাইশা তাসনিম, ডেস্ক রিপোর্ট

4 Min Read

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে পোস্টাল ভোটের জন্য এখন পর্যন্ত ৬ লাখ ৭৬ হাজার ৬২৭ জন ভোটার নিবন্ধন করেছেন। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে বুধবার (২৪ ডিসেম্বর) বিকেল ৩টা ৪৪ মিনিট পর্যন্ত হালনাগাদ তথ্য অনুযায়ী এ সংখ্যা নিশ্চিত করা হয়েছে।

নিবন্ধিত ভোটারদের মধ্যে পুরুষ ৬ লাখ ২৫ হাজার ৭১৭ জন এবং নারী ৫০ হাজার ৯০৮ জন। প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী এবং নিজ এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবীরাও ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করছেন।

এরইমধ্যে প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন। শনিবার থেকে বুধবার (২০–২৪ ডিসেম্বর)—গত পাঁচ দিনে বিশ্বের বিভিন্ন দেশে ১ লাখ ৬৮ হাজার ৯০০ জন প্রবাসী ভোটারের ঠিকানায় ব্যালট পাঠানো হয়েছে। আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি-এসডিআই) প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান বিষয়টি নিশ্চিত করেছেন।

বুধবার (২৪ ডিসেম্বর) সকাল ১১টা পর্যন্ত প্রবাসী ভোটার নিবন্ধনে শীর্ষে রয়েছে সৌদি আরব—১ লাখ ৪৯ হাজার ৯১৬ জন। এরপর কাতারে ৫৬ হাজার ১৪৪, ওমানে ৪১ হাজার ৭৩৭, মালয়েশিয়ায় ৩৯ হাজার ১০৫, সংযুক্ত আরব আমিরাতে ৩০ হাজার ১০০, যুক্তরাষ্ট্রে ২৪ হাজার ৮৪৯, কুয়েতে ২২ হাজার ১২৩, যুক্তরাজ্যে ২০ হাজার ২০৯ এবং সিঙ্গাপুরে ১৭ হাজার ৩৪৬ জন নিবন্ধন করেছেন।

দেশের ভেতরে অবস্থানরত ভোটারদের মধ্যে ‘ইন কান্ট্রি পোস্টাল ভোট’ ক্যাটাগরিতে নিবন্ধন করেছেন ১ লাখ ৫৫ হাজার ৭৫০ জন।

জেলাভিত্তিক হিসেবে কুমিল্লায় সর্বোচ্চ ৬৪ হাজার ১৩২ জন নিবন্ধন করেছেন। ঢাকায় ৫৫ হাজার ৬৪০, চট্টগ্রামে ৫৪ হাজার ৭৬৯, নোয়াখালীতে ৩৬ হাজার ৫৯০, সিলেটে ২৬ হাজার ৭৪৯ এবং চাঁদপুরে ২৫ হাজার ৩১৮ জন ভোটার পোস্টাল ভোটের জন্য নিবন্ধিত হয়েছেন।

আসনভিত্তিক হিসাবে ফেনী-৩ আসনে সর্বাধিক ৯ হাজার ৯১১ জন ভোটার নিবন্ধন করেছেন। এছাড়া চট্টগ্রাম-১৫ আসনে ৮ হাজার ৯৩০, কুমিল্লা-১০ আসনে ৮ হাজার ৪৩৮ এবং নোয়াখালী-১ আসনে ৮ হাজার ৩৮৪ জন নিবন্ধিত হয়েছেন।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা থেকে প্রবাসীদের কাছে ব্যালট পাঠানো শুরু হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি ২০২৬) প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে। প্রতীক বরাদ্দের পর ভোটাররা অ্যাপ বা ওয়েবসাইটে প্রার্থীর তালিকা দেখে ব্যালট পেপারে প্রতীকের পাশে টিক বা ক্রস চিহ্ন দিয়ে ভোট দিতে পারবেন।

সালীম আহমাদ খান জানান, কেউ প্রতীক বরাদ্দের আগেই ভোট দিলে সেটি বাতিল হবে না। তবে নিয়ম অনুযায়ী প্রতীক বরাদ্দের পর ভোট দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। প্রবাসীদের নিবন্ধনের শেষ সময় বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর), এর পর আর সময় বাড়ানো হবে না।

নির্বাচন কমিশনের তথ্যমতে, শুক্রবার থেকে মঙ্গলবার (১৯–২৩ ডিসেম্বর) বিভিন্ন দেশে ধারাবাহিকভাবে ব্যালট পাঠানো হয়েছে। কাতার, সৌদি আরব, ওমান, মালয়েশিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, ইতালি, জার্মানি, ফ্রান্স, জাপান, দক্ষিণ কোরিয়া ও চীনসহ একাধিক দেশে ইতোমধ্যে ব্যালট পৌঁছেছে।

নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যক্তিরা বুধবার থেকে বৃহস্পতিবার (১৮–২৫ ডিসেম্বর), আইনি হেফাজতে থাকা ভোটাররা রবিবার থেকে বুধবার (২১–২৪ ডিসেম্বর) এবং নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবীরা বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) পর্যন্ত পোস্টাল ভোটে নিবন্ধন করতে পারবেন। প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত রেজিস্ট্রেশন কার্যক্রম চলবে।

নির্বাচন কমিশন জানিয়েছে, ব্যালট পেতে হলে নিবন্ধনের সময় ভোটারের অবস্থানকালীন দেশের সঠিক ও পূর্ণাঙ্গ ঠিকানা দিতে হবে। ভুল ঠিকানা দিলে ব্যালট পাঠানো সম্ভব হবে না।

উল্লেখ্য, মঙ্গলবার (১৮ নভেম্বর) প্রধান নির্বাচন কমিশনার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ উদ্বোধন করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ১৪৮টি দেশে ভোটার নিবন্ধনের সময়সূচি ঘোষণা করা হয়েছে।

সূত্র: নির্বাচন কমিশন, বাসস

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *