মনোনয়নপত্র বাতিলের কারণ জানালেন তাসনিম জারা

ফরহাদ হোসেন, ঢাকা প্রতিনিধি

2 Min Read

ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারার মনোনয়নপত্র বাতিলের কারণ প্রকাশ করেছেন তিনি নিজেই। মনোনয়নপত্রে স্বাক্ষরকারী দুই সমর্থক সংশ্লিষ্ট আসনের ভোটার না হওয়ায় তার প্রার্থিতা অবৈধ ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন তাসনিম জারা।

শনিবার (৩ জানুয়ারি) বেলা ১১টার দিকে রিটার্নিং কর্মকর্তা ও ঢাকা জেলা প্রশাসক মনোনয়ন বাছাই শেষে তাসনিম জারার মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত জানান। এ বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তাসনিম জারা বলেন, তিনি ইতোমধ্যে নির্বাচন কমিশনে আপিলের প্রক্রিয়া শুরু করেছেন।

তিনি জানান, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্ধারিত এক শতাংশ ভোটারের স্বাক্ষরের চেয়ে বেশি স্বাক্ষর তিনি জমা দিয়েছিলেন। যাচাইয়ের জন্য নির্বাচন কমিশন দশটি স্বাক্ষর পরীক্ষা করে, যার মধ্যে আটটির সত্যতা পাওয়া যায়। তবে বাকি দুইজনকে কমিশনের ডাটাবেজ অনুযায়ী ঢাকা-৯ আসনের ভোটার হিসেবে শনাক্ত করা যায়নি।

তাসনিম জারা বলেন, স্বাক্ষরকারী দুজনই নিজেদের ঢাকা-৯ আসনের ভোটার বলে জানতেন। একজন খিলগাঁও এলাকায় বসবাস করেন, যেখানে একই এলাকা দুটি সংসদীয় আসনের মধ্যে বিভক্ত। অপর একজনের জাতীয় পরিচয়পত্রে ঢাকা-৯-এর ঠিকানা থাকলেও নির্বাচন কমিশনের অনলাইন ডাটাবেজে তাকে শরীয়তপুরের ভোটার হিসেবে দেখানো হচ্ছে। কয়েক বছর আগে ঠিকানা সংশোধনের জন্য আবেদন করা হলেও সেটির কোনো আপডেট পাওয়া যায়নি বলেও জানান তিনি।

তিনি অভিযোগ করে বলেন, কোন ভোটার কোন আসনের অন্তর্ভুক্ত—এই তথ্য সাধারণ মানুষের জানার কার্যকর কোনো ব্যবস্থা নেই। ফলে অনিচ্ছাকৃত এই ভুলের দায় প্রার্থীর ওপর চাপানো অনুচিত।

উল্লেখ্য, গত ২৯ ডিসেম্বর ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন তাসনিম জারা। তফসিল অনুযায়ী ৪ জানুয়ারির মধ্যে মনোনয়ন বাছাই শেষ হবে। এরপর ৫ থেকে ৯ জানুয়ারির মধ্যে আপিল গ্রহণ করা হবে। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *