আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে খাগড়াছড়িতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত নিরাপত্তার পাশাপাশি নির্বাচনকালীন যে কোনো ধরনের সহিংসতা ও নাশকতা মোকাবিলায় মাঠপর্যায়ে প্রস্তুতি জোরদার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে পানছড়ি জোনের আওতাধীন লৌগাং ইউনিয়নের বাবুরা পাড়া এলাকায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে এসব তথ্য জানান খাগড়াছড়ি বিজিবি সেক্টরের দায়িত্বশীল এক কর্মকর্তা। তিনি বলেন, দেশ একটি সংকটকাল অতিক্রম করছে। এই প্রেক্ষাপটে সীমান্ত সুরক্ষার পাশাপাশি অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবি সর্বদা প্রস্তুত রয়েছে।
নির্বাচন সামনে রেখে বিজিবির সদস্যদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং তা চলমান রয়েছে বলে জানান তিনি। ক্যাম্পগুলোতে পর্যাপ্ত জনবল মোতায়েন করা হয়েছে। নির্বাচনকালীন সহিংসতা প্রতিরোধে দাঙ্গা নিয়ন্ত্রণের সব ধরনের সরঞ্জামও প্রস্তুত রাখা হয়েছে।
সূত্র জানায়, জেলার সীমান্ত এলাকায় বিশেষ অভিযান ও টহল জোরদার করা হয়েছে। পরিস্থিতির প্রয়োজনে সেনাবাহিনী ও পুলিশের সঙ্গে সমন্বয় করে যৌথ অভিযান পরিচালনার ব্যবস্থাও রাখা হয়েছে। বিজিবির সদর দপ্তর থেকেও সর্বদা সতর্ক থাকার নির্দেশনা রয়েছে।
অনুষ্ঠানে বিজিবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টদের ভাষ্য, যে কোনো উদ্ভূত পরিস্থিতি দ্রুত ও কার্যকরভাবে মোকাবিলায় বিজিবি পুরোপুরি প্রস্তুত রয়েছে।
