জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে থাকা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির চিকিৎসা নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে তার পরিবার। পারিবারিক সম্মতিতে তাকে সিঙ্গাপুরেই অস্ত্রোপচারের অনুমতি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে এক লিখিত বিবৃতিতে ইনকিলাব মঞ্চ জানায়, হাদির শারীরিক অবস্থা এখনো সংকটাপন্ন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী দ্রুত অস্ত্রোপচার প্রয়োজন হওয়ায় পরিবার সিঙ্গাপুরেই অপারেশন করানোর সিদ্ধান্ত নিয়েছে। এ সময় সংগঠনের পক্ষ থেকে দেশবাসীর কাছে হাদির সুস্থতার জন্য দোয়া কামনা করা হয়।
বিবৃতিতে বলা হয়, হাদি যদি আল্লাহর ডাকে সাড়া দিয়ে শহীদের কাতারে শামিল হন, তাহলে দেশের স্বাধীনতাকামী ও নির্যাতিত জনগণকে সার্বভৌমত্ব রক্ষার দাবিতে শাহবাগে সমবেত হওয়ার আহ্বান জানানো হবে। একই সঙ্গে হত্যাকারীদের গ্রেপ্তার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়। পরিস্থিতি অনুযায়ী সারাদেশ অচল করে দেওয়ার কর্মসূচির কথাও উল্লেখ করা হয়েছে।
এছাড়া বিবৃতিতে বলা হয়, অভিযুক্ত ব্যক্তি যদি সীমান্ত পেরিয়ে পালিয়ে যায়, তাহলে সংশ্লিষ্ট দেশের সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে যেকোনো মূল্যে তাকে গ্রেপ্তার করে দেশে ফিরিয়ে আনতে হবে।
হাদির বর্তমান শারীরিক অবস্থা ও পরবর্তী চিকিৎসা কার্যক্রম ঘিরে সারাদেশে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
