বরিশাল মহানগরীর বরিশাল-৫ (মহানগরী ও সদর) আসনে বিএনপি প্রার্থী অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারের নির্বাচনী প্রচারণায় এক ‘বিতর্কিত ব্যক্তির’ উপস্থিতিকে কেন্দ্র করে দলের ভেতরেই দেখা দিয়েছে ক্ষোভ ও অসন্তোষ। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন করেছেন।
সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে বরিশাল মহানগরীর ২৭ নম্বর ওয়ার্ডের নবগ্রাম রোড এলাকায় বিক্ষোভ কর্মসূচি পালন করেন নেতাকর্মীরা। এর আগে রোববার (২৫ জানুয়ারি) থেকেই তারা এই ঘটনার প্রতিবাদ জানিয়ে নির্বাচনী প্রচারণা থেকে বিরত থাকার ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ওয়ার্ড ছাত্রদলের কর্মী রবিউল হাওলাদার পলাশ জানান, গত ২২ জানুয়ারি থেকে তারা উৎসবমুখর পরিবেশে ধানের শীষের পক্ষে প্রচারণা চালিয়ে আসছিলেন। তবে সম্প্রতি ওই ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নূরুল ইসলাম বিএনপিতে যোগ দিয়ে প্রচারণায় অংশ নেওয়ায় পরিস্থিতি পাল্টে যায়। তাদের দাবি, শেখ হাসিনা সরকারের সময় নূরুল ইসলাম এলাকায় জমি দখল, ভোট চুরি ও বিভিন্ন অনিয়মের সঙ্গে জড়িত ছিলেন।
বিক্ষোভকারীরা বলেন, তারা কোনোভাবেই ধানের শীষ বা বিএনপির বিরুদ্ধে নন। বরং বিএনপি তাদের আদর্শ ও বিশ্বাসের জায়গা। কিন্তু যারা অতীতে সরকারের দালাল হিসেবে কাজ করেছে, নেতাকর্মীদের ওপর নির্যাতন চালিয়েছে এবং সাধারণ মানুষের ভোটাধিকার হরণ করেছে—তাদের সঙ্গে একই মিছিলে দাঁড়ানো তাদের পক্ষে সম্ভব নয়।
তাদের অভিযোগের বিষয়ে সাবেক কাউন্সিলর নূরুল ইসলাম মোবাইল ফোনে বলেন, তিনি অনেক আগেই মহানগর বিএনপির সদস্য হয়েছেন। বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদিক আবদুল্লার নির্দেশে বাধ্য হয়ে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে হয়েছে বলেও দাবি করেন তিনি। নূরুল ইসলাম আরও বলেন, একটি মহল পরিকল্পিতভাবে তাকে বিতর্কিত করতে অপচেষ্টা চালাচ্ছে।
বিক্ষোভ কর্মসূচিতে ২৭ নম্বর ওয়ার্ড যুবদলের সাহাবুদ্দিন বাপ্পী, স্বেচ্ছাসেবক দলের উজ্জ্বল হাওলাদার, ওলামাদলের নাইম ইসলাম ও সাকিবুল ইসলাম রিপনসহ শতাধিক নেতাকর্মী অংশ নেন। এ ঘটনায় বরিশাল মহানগর বিএনপির রাজনীতিতে অভ্যন্তরীণ অস্বস্তি আরও স্পষ্ট হয়ে উঠেছে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকরা।
