সরকারের ভেতরের একটি পক্ষ নির্বাচন বানচালের পাঁয়তারা করছে: আখতার হোসেন

মাইশা তাসনিম, ডেস্ক রিপোর্ট

1 Min Read

আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে সরকারের ভেতর থেকেই নির্বাচন বানচালের চেষ্টা চলছে— এমন গুরুতর অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, সরকারের ভেতরের একটি অংশ ঐকমত্য কমিশনের সুপারিশ পাশ কাটিয়ে নিজেরাই কমিশনের ভূমিকা নিতে চাইছে। এই প্রবণতা পুরো নির্বাচন প্রক্রিয়াকে ঝুঁকির মুখে ফেলতে পারে বলে সতর্ক করেন তিনি।

আখতার হোসেন বলেন,

রাজনৈতিক দলগুলোর সঙ্গে দীর্ঘ আলোচনার ভিত্তিতে ঐকমত্য কমিশন তাদের সুপারিশ দিয়েছে। সেই সুপারিশের ভিত্তিতেই সরকারের আদেশ জারি করার কথা ছিল। কিন্তু সরকার আবারও নতুন করে আলোচনার কথা বলে সময়ক্ষেপণ করছে, যা স্পষ্টতই সংস্কার প্রক্রিয়াকে বিলম্বিত করার কৌশল।

তিনি অভিযোগ করেন, সরকার সংস্কারের বিষয়ে “সাপ-লুডো খেলা” শুরু করেছে, যা দেশের রাজনৈতিক সংকটকে আরও ঘনীভূত করছে।

সদস্যসচিব আখতার হোসেন সরকারকে দ্রুত দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়ে বলেন,

জুলাই সনদ বাস্তবায়নই এই সংকট থেকে উত্তরণের একমাত্র পথ। সরকারকে অবিলম্বে ঐ সনদ অনুযায়ী আদেশ জারি করতে হবে।

তিনি আরও হুঁশিয়ারি দেন, যদি সরকার দ্রুত কার্যকর পদক্ষেপ না নেয়, তবে নির্বাচনের আগেই দেশের রাজনৈতিক অস্থিরতা আরও প্রকট আকার ধারণ করতে পারে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *