কুমিল্লার দেবীদ্বার উপজেলার বড়কামতা ইউনিয়নের ব্রাহ্মণখাড়া গ্রামে রোববার (০৭ই সেপ্টেম্বর) বিকেলে অনুষ্ঠিত এনসিপির উঠান বৈঠকে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ দলের অবস্থান স্পষ্ট করে জানান। তিনি বলেন,
এনসিপি করে বেইনসাফি করার কোনো সুযোগ নেই। আমরা ইনসাফের রাজনীতি করি, অন্যায়ের জন্য নয়। যদি কেউ অন্যায় করার চেষ্টা করে, সেটিই আমাদের জন্য যথেষ্ট সমস্যা।
হাসনাত বলেন, সত্য ও ন্যায়ের পথে সবাইকে এক হয়ে দাঁড়াতে হবে। প্রতিটি গ্রাম ও ইউনিয়নে অবিচার ও অনাচারের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি আরও বলেন,
জনগণের পাশে থাকতে এমপি বা চেয়ারম্যান হওয়ার দরকার নেই। ভালো মানুষ হলেই যথেষ্ট। সত্য বলার জন্য রাজনৈতিক আশ্রয় প্রয়োজন হয় না। তবে কেউ বাধা দিলে আমরা পাশে থাকব।
তিনি হোন্ডা–গুন্ডার রাজনীতি প্রত্যাখ্যান করে বলেন,
একসময় যাদের কাছে বেশি হোন্ডা বা সন্ত্রাসী ছিল, তারা বড় নেতা মনে হতো। এখন সেই যুগ শেষ। নেতৃত্ব আসবে গুণ ও যোগ্যতা থেকে, বাহিনী থেকে নয়।
অর্থনৈতিক সীমাবদ্ধতা নিয়েও হাসনাত জানান, রাজনীতিতে আর্থিক স্বাবলম্বী হওয়া কঠিন। তবে দুর্নীতির পথ তারা কখনোই নেবে না। তিনি যোগ করেন,
প্রোগ্রামে যারা পরিশ্রম করেন, তাদের শ্রমকে আমরা সম্মান করি।”
উঠান বৈঠকে এনসিপির দেবীদ্বার উপজেলা প্রধান সমন্বয়কারী জামাল মোহাম্মদ কবির সভাপতিত্ব করেন। কেন্দ্রীয় সংগঠক মো. আরমান হোসাইনসহ স্থানীয় শিক্ষক ও বিভিন্ন পেশার মানুষ বৈঠকে অংশ নেন।
