বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মোড়। এই নির্বাচনই নির্ধারণ করবে দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ এবং জনগণের ভোটাধিকার কতটা সুরক্ষিত থাকবে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে কক্সবাজারের চকরিয়া উপজেলার উত্তর কাকারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ইউনিয়ন বিএনপি আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, আগামী যে সংসদ গঠিত হবে, সেই সংসদেই দেশের ইতিহাসে সবচেয়ে বেশি আইন প্রণয়ন ও সংবিধান সংশোধনের উদ্যোগ নেওয়া হবে। মানুষের মৌলিক অধিকার রক্ষা, গণতন্ত্র সুসংহত করা এবং রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করতেই এসব পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, বিএনপি ‘ধর্ম যার যার, নিরাপত্তা সবার’ নীতিতে বিশ্বাস করে। ধর্ম, বর্ণ কিংবা ভাষা নির্বিশেষে সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই দলটির রাজনৈতিক দর্শনের অংশ। তিনি দাবি করেন, অতীতে বিএনপি রাষ্ট্রক্ষমতায় থাকাকালে দেশে ধর্মীয় স্বাধীনতা বজায় ছিল এবং সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটেনি।
বিএনপির এই নেতা আরও বলেন, দলটি সরকারে থাকুক বা বিরোধীদলে—সব সময়ই সংবিধান অনুযায়ী নাগরিকদের সমান অধিকার নিশ্চিত করার পক্ষে অবস্থান নিয়েছে। ভবিষ্যতে সব ধর্মের উপাসনালয়ের দায়িত্বশীলদের রাষ্ট্রীয় সম্মান ও ভাতা দেওয়ার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, জনগণই এই রাষ্ট্রের প্রকৃত মালিক এবং সার্বভৌম শক্তি। জনগণের হারিয়ে যাওয়া ক্ষমতা ফিরিয়ে দিতে আসন্ন নির্বাচনে বিএনপিকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বিএনপি ধারাবাহিকভাবে আন্দোলন চালিয়ে এসেছে। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ত্যাগের কথাও তিনি উল্লেখ করেন এবং বলেন, জনগণের ভালোবাসাই বিএনপির প্রতি আস্থার প্রমাণ।
পথসভায় ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
