ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ইতোমধ্যে সোয়া চার লাখ প্রবাসী ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। পোস্টাল ভোটিং ব্যবস্থার মাধ্যমে বিদেশে অবস্থানরত ভোটারদের অংশগ্রহণ অব্যাহত রয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এই তথ্য নিশ্চিত করেন। একই দিন নির্বাচন কমিশন ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপের মাধ্যমে প্রবাসী ভোটারদের ভোটদান কার্যক্রমের সর্বশেষ চিত্র তুলে ধরে।
সালীম আহমাদ খান জানান, ২৭ জানুয়ারি সকাল সাড়ে ১০টা পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করা ৭ লাখ ৬৬ হাজার ৮৬২ জন প্রবাসী ভোটারের গন্তব্য দেশে ব্যালট পাঠানো হয়েছে। এর মধ্যে ৪ লাখ ৯৩ হাজার ৯২০ জন ভোটার ব্যালট গ্রহণ করেছেন এবং ৪ লাখ ২৫ হাজার ৭৮৮ জন প্রবাসী ভোটার ভোটদান সম্পন্ন করেছেন।
তিনি আরও জানান, ভোট দেওয়া ব্যালটের মধ্যে ৩ লাখ ৭০ হাজার ৩২২টি সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাক বাক্সে জমা দেওয়া হয়েছে। এরই মধ্যে ২১ হাজার ৫০৮টি ব্যালট বাংলাদেশে পৌঁছেছে।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে দেশে ও প্রবাসে মিলিয়ে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৩ জন ভোটার নিবন্ধন সম্পন্ন করেছেন।
ইসি আশা করছে, ভোটগ্রহণের শেষ সময়ের মধ্যে আরও উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী ভোটার তাদের ব্যালট পাঠাবেন, যা এবারের নির্বাচনে প্রবাসীদের অংশগ্রহণকে আরও অর্থবহ করবে।
