ফরিদপুর-৪ আসন ভেঙে দুটি আসন পুনর্বহালের দাবিতে হাইকোর্টে রিট

সিদ্দিকুর রহমান, ডেস্ক রিপোর্ট

2 Min Read

ফরিদপুর-৪ সংসদীয় আসনকে ভেঙে পূর্বের ন্যায় দুটি আসনে পুনর্গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিটে ফরিদপুর-৪ আসন (চরভদ্রাসন ও সদরপুর উপজেলা) এবং ফরিদপুর-৫ আসন (ভাঙ্গা উপজেলা) পুনর্বহালের দাবি জানানো হয়েছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া এবং বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটি শুনানির জন্য উপস্থাপন করা হয়। আবেদনকারীদের পক্ষ থেকে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব রিটটি দায়ের করেন।

রিট আবেদনকারীদের মধ্যে রয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও ফরিদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব জহিরুল হক শাহজাদা মিয়া, বিএনপির অঙ্গসংগঠন জিয়া শিশু-কিশোর সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মো. শাহ আলম রেজা, আইনজীবী এম্পাহাত খান, ব্যবসায়ী এম এম শহিদুল ইসলাম শাহীনসহ সদরপুর ও চরভদ্রাসনের মোট ১৬ জন ভোটার।

আইনজীবী হুমায়ন কবির পল্লব জানান, নির্বাচন কমিশন সম্প্রতি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য সীমানা পুনর্নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে। ওই প্রজ্ঞাপনে চরভদ্রাসন, সদরপুর এবং ভাঙ্গা উপজেলার একটি অংশকে একত্রিত করে ফরিদপুর-৪ আসনের আওতায় আনা হয়। পাশাপাশি ভাঙ্গা উপজেলার আলগি ও হামিরদি ইউনিয়নকে আলাদা করে ফরিদপুর-২ আসনের সঙ্গে যুক্ত করা হয়।

রিট আবেদনে বলা হয়, ২০০৮ সালে নির্বাচন কমিশন আইন ভঙ্গ করে ফরিদপুর-৪ এবং ফরিদপুর-৫ আসন একীভূত করে তিন উপজেলা নিয়ে একটি আসন গঠন করে। পরবর্তীতে এ সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন জানানো হলেও তা প্রত্যাখ্যাত হয়। এমনকি ভাঙ্গা উপজেলা থেকে দুটি ইউনিয়ন অন্য আসনের সঙ্গে যুক্ত করা হয়, যা জাতীয় সংসদের সীমানা নির্ধারণী আইন ২০২১-এর ৬ ধারার পরিপন্থী।

এছাড়া রিটে সীমানা নির্ধারণী আইন ২০২১-এর ৭ ধারা এবং সংবিধানের ১২৫ (ক) অনুচ্ছেদকেও চ্যালেঞ্জ করা হয়েছে। আইনজীবীর ভাষ্য অনুযায়ী, নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিকার চাইবার সুযোগ আইনে সীমিত করা হয়েছে, যা নাগরিকের সাংবিধানিক অধিকারের পরিপন্থী।

তিনি আরও জানান, একজন নাগরিককে আইনি প্রতিকার থেকে বঞ্চিত করার কোনো সাংবিধানিক সুযোগ নেই। তাই সংশ্লিষ্ট আইন ও অনুচ্ছেদ চ্যালেঞ্জ করে এই রিট দায়ের করা হয়েছে। রিটের শুনানি চলতি সপ্তাহেই হতে পারে বলেও জানা গেছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *