ক্ষমতায় গেলে ২০ হাজার কিমি খাল খননের প্রতিশ্রুতি তারেক রহমানের

নিজস্ব প্রতিনিধি

2 Min Read

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হয়ে সরকার গঠন করতে পারলে সারা দেশে প্রায় ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর বনানী চেয়ারম্যানবাড়ি মাঠে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিল ও মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি দেশের মানুষের জীবনে বড় ভূমিকা রেখেছিল। বর্তমানে একের পর এক খাল ভরাট হয়ে যাওয়ায় জলাবদ্ধতা ও পরিবেশগত সংকট তৈরি হয়েছে। ঢাকাবাসীরাও এখন খাল খননের প্রয়োজনীয়তা গভীরভাবে অনুভব করছেন।

ঢাকার সবুজায়ন কমে যাওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, দীর্ঘদিন পর দেশে ফিরে দেখেছি আগের তুলনায় সবুজ অনেক কমে গেছে। ক্ষমতায় গেলে আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ রোপণের পরিকল্পনা রয়েছে বিএনপির। প্রতিটি উপজেলায় সরকারি ও বেসরকারি নার্সারির সক্ষমতা বাড়িয়ে দেশব্যাপী বনায়ন কার্যক্রম জোরদার করা হবে।

রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, বিরোধী দলের সমালোচনা গণতান্ত্রিক চর্চার অংশ হলেও সংকট সমাধানে দায়িত্বশীল রাজনীতি প্রয়োজন। কথা বলার পাশাপাশি কাজ করার মানসিকতা গড়ে তুলতে হবে।

ট্রাফিক সমস্যা প্রসঙ্গে তিনি বলেন, উন্নত পাবলিক ট্রান্সপোর্ট ব্যবস্থা চালু করতে পারলে যানজট অনেকটাই কমানো সম্ভব। মেট্রোরেল অত্যন্ত ব্যয়বহুল উল্লেখ করে তিনি বলেন, বিকল্প হিসেবে মনোরেল ব্যবস্থা চালু করা যেতে পারে। বনানী, মোহাম্মদপুরসহ বিভিন্ন এলাকা থেকে মনোরেলকে মেট্রোরেলের সঙ্গে যুক্ত করা হলে কার্যকর সমাধান আসবে।

ক্রীড়াক্ষেত্র নিয়ে বক্তব্যে তারেক রহমান বলেন, খেলাধুলাকে পেশা হিসেবে গড়ে তোলা হবে। শিক্ষাব্যবস্থায় পরিবর্তন এনে পেশাদার ক্রীড়াবিদ তৈরির পরিকল্পনা রয়েছে। প্রতিটি শিক্ষার্থীর জন্য অন্তত একটি খেলা ও একটি সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত থাকা বাধ্যতামূলক করার পরিকল্পনাও রয়েছে বিএনপির।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *