বিশ্ববাসীর কাছে নির্বাচন বাংলাদেশের ভাবমূর্তি রক্ষার বড় চ্যালেঞ্জ: কমিশনার সানাউল্লাহ

নিজস্ব প্রতিনিধি

1 Min Read

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, বিশ্ববাসীর কাছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের ভাবমূর্তি রক্ষার একটি বড় চ্যালেঞ্জ।

সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

নির্বাচন কমিশনার বলেন, নির্বাচন পূর্ব ও পরবর্তী সময়ে দেশজুড়ে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখা হবে, যাতে কোনো অপশক্তি নির্বাচনী পরিবেশ নষ্ট করতে না পারে।

নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে অনৈতিক আর্থিক লেনদেনের বিষয়ে কঠোর নজরদারি রাখা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এ লক্ষ্যে মোবাইল ব্যাংকিং কার্যক্রম পর্যবেক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ব্যালট ও পোস্টাল ভোটের স্বচ্ছতা নিশ্চিত করতে নির্বাচন কমিশন সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। সংশ্লিষ্ট এলাকার রিটার্নিং কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালনের জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

মতবিনিময় সভায় চাঁদপুরে নির্বাচনী প্রস্তুতি নিয়ে স্বাগত বক্তব্য দেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক নাজমুল ইসলাম সরকার।

সভায় চাঁদপুরের পুলিশ সুপার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), সেনাবাহিনীর কমান্ডিং অফিসার, জেলা নির্বাচন কর্মকর্তা, জেলার পাঁচটি নির্বাচনী আসনের সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তা, কোস্টগার্ড, বিজিবি, র‍্যাব, পুলিশ, আনসারসহ নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *