জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের ৩৯টি কেন্দ্রের মধ্যে ছয়টি কেন্দ্রের ভোটের ফলাফল প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ফলাফলে ভিপি, জিএস ও এজিএস—এই তিনটি গুরুত্বপূর্ণ পদে এগিয়ে রয়েছে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্রার্থীরা।
বুধবার (৭ জানুয়ারি) সকাল সোয়া ৯টার দিকে নির্বাচন কমিশনার ড. আনিসুর রহমান, অধ্যাপক ড. শহিদুল ইসলাম ও অধ্যাপক ড. জুলফিকার মাহমুদ ছয়টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনের ফলাফলে দেখা যায়, ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্রার্থীদের সঙ্গে জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্রার্থীদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। তবে এখন পর্যন্ত ঘোষিত ফলাফলে ভিপি, জিএস ও এজিএস পদে শিবির সমর্থিত প্রার্থীরাই এগিয়ে রয়েছেন।
এর আগে মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত ১২টা ৪০ মিনিটে দ্বিতীয় দফায় ভোট গণনা শুরু হয়। সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে প্রথম দফায় গণনা শুরু হলেও মেশিনের কারিগরি ত্রুটির কারণে রাত ৮টা ৫০ মিনিটে তা সাময়িকভাবে স্থগিত করা হয়।
পরবর্তীতে প্রার্থী ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করে ওএমআর মেশিনেই পুনরায় ভোট গণনার সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন।
এ নির্বাচনে মোট ভোটার উপস্থিতির হার ছিল ৬৬ দশমিক ১৮ শতাংশ।
