আগামী সংসদ ১৮০ দিন ‘সংবিধান সংস্কার পরিষদ’ হিসেবে কাজ করবে: আলী রীয়াজ

ফরহাদ হোসেন, ঢাকা প্রতিনিধি

3 Min Read

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অতীতের কোনো নির্বাচনের মতো নয় বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ও প্রখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক আলী রীয়াজ। তিনি বলেন, এই নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদ প্রথম দিন থেকেই সরকার পরিচালনার দায়িত্ব নেবে, একই সঙ্গে ১৮০ দিন এটি ‘সংবিধান সংস্কার পরিষদ’ হিসেবেও কাজ করবে।

বুধবার (২৮ জানুয়ারি) রাজধানীর গুলশানের একটি হোটেলে ‘শান্তিপূর্ণ নির্বাচন ও সহিংসতা প্রতিরোধ: মাঠপর্যায়ের অভিজ্ঞতার আলোকে’ শীর্ষক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট (বিইআই) এই আলোচনার আয়োজন করে।

আলী রীয়াজ বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের পটভূমিতে, যা এটিকে আগের ১২টি নির্বাচনের তুলনায় সম্পূর্ণ ভিন্ন মাত্রা দিয়েছে। যারা এটিকে সাধারণ নির্বাচন হিসেবে দেখছেন, তারা ভুল করছেন বলে মন্তব্য করেন তিনি। তার মতে, রাজনৈতিক দল ও বিশ্লেষকরা এই পরিবর্তনের তাৎপর্য অনুধাবনে ব্যর্থ হলে দেশের ভবিষ্যতের জন্য বড় ঝুঁকি তৈরি হবে।

তিনি আরও বলেন, ১৯৭২, ১৯৯১ ও ২০০৯ সালে গণতান্ত্রিক রূপান্তরের সুযোগ এলেও রাজনৈতিক ব্যর্থতার কারণে তা কাজে লাগানো যায়নি। এবারের গণ-অভ্যুত্থান আবারও সেই সুযোগ তৈরি করেছে।

সংবিধান সংস্কারের কারণে ক্ষমতা হস্তান্তর বিলম্বিত হবে—এমন আশঙ্কা নাকচ করে আলী রীয়াজ বলেন, সংসদ নির্বাচিত হওয়ার পর থেকেই তার স্বাভাবিক দায়িত্ব পালন করবে। সরকার গঠন, দেশ পরিচালনা ও বাজেট প্রণয়ন কার্যক্রম চলবে নিয়ম অনুযায়ী। পাশাপাশি আলাদা শপথের মাধ্যমে নির্বাচিত সংসদ সদস্যরা ১৮০ দিনের মধ্যে সংবিধান সংস্কারের কাজ সম্পন্ন করবেন।

বিদ্যমান সংবিধানের মৌলিক সংস্কার প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, সাধারণ সংসদের এখতিয়ার নিয়ে ভবিষ্যতে আইনি জটিলতা তৈরি হতে পারে। এজন্য ত্রয়োদশ সংসদকে ‘কনস্টিটিউয়েন্ট পাওয়ার’ বা গণপরিষদীয় ক্ষমতা দেওয়া জরুরি, যাতে মৌলিক কাঠামো নীতির কারণে সংস্কার আদালতে বাতিল না হয়। এটিকে তিনি স্থায়ী গণতন্ত্রের রক্ষাকবচ হিসেবে আখ্যা দেন।

জুলাই জাতীয় সনদকে রাজনৈতিক দলগুলোর অঙ্গীকার ও জনগণের সঙ্গে একটি সামাজিক চুক্তি হিসেবে উল্লেখ করে আলী রীয়াজ বলেন, এটি অন্তর্বর্তী সরকারের কোনো একক এজেন্ডা নয়। দীর্ঘ নয় মাস ধরে ৩০টি রাজনৈতিক দল ও জোটের সঙ্গে আলোচনার মাধ্যমে এই সনদ প্রণয়ন করা হয়েছে। বিদ্যমান সংবিধান ক্ষমতার অতিরিক্ত কেন্দ্রীকরণের সুযোগ দিয়ে ফ্যাসিবাদী শাসনব্যবস্থাকে শক্তিশালী করেছে বলেও মন্তব্য করেন তিনি।

প্রস্তাবিত গণভোট প্রসঙ্গে আলী রীয়াজ বলেন, অতীতের গণভোটগুলো ক্ষমতায় থাকার হাতিয়ার ছিল। কিন্তু এবার গণভোট হবে রাজনৈতিক দলগুলোর সংস্কার প্রতিশ্রুতির ওপর জনগণের সম্মতি যাচাইয়ের একটি গণতান্ত্রিক প্রক্রিয়া।

তিনি রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ গণতন্ত্র জোরদারের আহ্বান জানিয়ে বলেন, কোনো দলের সংস্কার বাইরে থেকে চাপিয়ে দেওয়া সম্ভব নয়, এটি দলের ভেতর থেকেই আসতে হবে। জুলাই গণ-অভ্যুত্থানে নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, সংসদে নারীদের আসন ১০০-তে উন্নীত করা ও সরাসরি মনোনয়নের বিষয়টি এখনও অনেক দলের মধ্যে ঐকমত্যের বাইরে রয়েছে। এসব বিষয়ে দলগুলোর নির্বাচনী ইশতেহারে স্পষ্ট অঙ্গীকার রাখার আহ্বান জানান তিনি।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *