বিএনপিকে ‘দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন’ আখ্যা দেওয়া পরিকল্পিত অপপ্রচার: মাহদী আমিন

ফরহাদ হোসেন, ঢাকা প্রতিনিধি

2 Min Read

বিএনপিকে ‘দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন’ আখ্যা দেওয়া পতিত ফ্যাসিস্টদের ভাষা বলে মন্তব্য করেছেন দলের নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন। তিনি অভিযোগ করেন, একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের নেতারা পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ হিসেবে এই অপপ্রচার চালাচ্ছেন।

বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন মাহদী আমিন।

তিনি বলেন, ২০০১ থেকে ২০০৬ মেয়াদে বিএনপি সরকারের সময় ওই নির্দিষ্ট রাজনৈতিক দলের দুজন সদস্যও সরকারে ছিলেন। সে সময়ের অর্জন ও বাস্তবতার দায় এড়িয়ে এখন বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালানো স্পষ্ট দ্বিচারিতা।

মাহদী আমিন আরও বলেন,

পতিত ফ্যাসিস্টদের সুরে নির্দিষ্ট দলের নেতারা আজ কথা বলছেন। এটি একটি সুপরিকল্পিত অপপ্রচার ও ষড়যন্ত্রেরই অংশ।

দুর্নীতি প্রসঙ্গে তিনি দাবি করেন, ২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসার সময় আগের সরকারের দুর্নীতির স্কোর কৌশলে বিএনপির ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছিল। তবে বিএনপির শাসনামলে দক্ষতার সঙ্গে পরিস্থিতির উন্নয়ন ঘটানো হয়।

তার ভাষায়,

২০০৬ সালে বিএনপি যখন ক্ষমতা ছাড়ে, তখন দুর্নীতির সেই স্কোর একটি সম্মানজনক অবস্থানে নিয়ে আসা হয়েছিল।

নির্বাচনী প্রচারণার সময় ভোটারদের এনআইডি (জাতীয় পরিচয়পত্র) সংগ্রহের বিষয়ে নির্বাচন কমিশনের সতর্কবার্তা ও আইনি ব্যবস্থার উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছে বিএনপি বলেও জানান মাহদী আমিন।

তিনি বলেন,

ভোটারদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা এবং স্বচ্ছ নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশনের এই সময়োপযোগী উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই।

গুলশানে অনুষ্ঠিত ওই বৈঠকে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন। বৈঠকে আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রচারণা কৌশল ও সাংগঠনিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *