আইন পেশা থেকে উঠে এসে এবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান এমপি। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর তার নির্বাচনী এলাকা ঝিনাইদহের শৈলকূপায় আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ করেন দলীয় নেতাকর্মীরা।
স্থানীয় সূত্র জানায়, শৈলকূপা উপজেলা শহরের চার রাস্তার মোড়ে বিএনপি নেতাকর্মীরা মিছিল শেষে সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করেন। তারা আশা প্রকাশ করেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় নতুন আইনমন্ত্রী কার্যকর ভূমিকা রাখবেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল -এর প্রার্থী হিসেবে ঝিনাইদহ-১ আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরই মন্ত্রিসভায় জায়গা পেলেন তিনি।
ঝিনাইদহের শৈলকূপা উপজেলার বারইপাড়া গ্রামের প্রয়াত এক স্কুলশিক্ষকের ছয় সন্তানের মধ্যে মেঝো আসাদুজ্জামান। দুই কন্যা সন্তানের জনক তিনি। ১৯৮৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়-এর আইন বিভাগে ভর্তি হয়ে এলএলবি ও এলএলএম সম্পন্ন করেন। ১৯৯৫ সালে বার কাউন্সিলে আইনজীবী হিসেবে নথিভুক্ত হন। ১৯৯৬ সালে হাইকোর্ট ডিভিশনে এবং ২০০৫ সালে আপিলেট ডিভিশনে আইনজীবী হিসেবে কাজ শুরু করেন।
আইন পেশায় দীর্ঘ অভিজ্ঞতার পাশাপাশি রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। ২০২৪ সালের ৮ আগস্ট দেশের ১৭তম অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব গ্রহণ করেন আসাদুজ্জামান। বিচারব্যবস্থার আধুনিকায়ন, মামলা জট কমানো, আইনের শাসন জোরদার ও নাগরিক অধিকার সুরক্ষায় তার প্রস্তাবগুলো সে সময় গুরুত্ব পায়।
জেলা সচেতন নাগরিক সমাজের প্রতিনিধি আনোয়ারুজ্জামান আজাদ বলেন, আইন পেশা থেকে উঠে আসা নেতৃত্ব আইন মন্ত্রণালয়ের জন্য গুরুত্বপূর্ণ সম্পদ। কারণ তারা আইনের প্রয়োগগত জটিলতা সম্পর্কে প্রত্যক্ষ ধারণা রাখেন, যা নীতিনির্ধারণে বাস্তব অভিজ্ঞতার প্রতিফলন ঘটাতে সহায়ক।
গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ১ লাখ ৭১ হাজার ৫৯৮ ভোট পেয়ে বিজয়ী হন আসাদুজ্জামান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী -সমর্থিত প্রার্থী আবু ছালেহ মো. মতিয়ার রহমান পান ৫৫ হাজার ৫৭৮ ভোট।
অভিজ্ঞ আইনজীবী থেকে রাষ্ট্রের আইনমন্ত্রী—আসাদুজ্জামানের নতুন এই দায়িত্ব বিচারব্যবস্থায় কী পরিবর্তন আনে, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।
