বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অবিস্মরণীয় ঘটনা ঘটতে যাচ্ছে আজ: সালাহউদ্দিন

নিজস্ব প্রতিনিধি

2 Min Read

দীর্ঘ প্রায় দেড় যুগ পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ দেশে ফিরছেন। এই দিনটিকে বাংলাদেশের ৫৫ বছরের ইতিহাসে সবচেয়ে অবিস্মরণীয় ঘটনা বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

বুধবার (২৪ ডিসেম্বর) লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যায় পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন তারেক রহমান।

ফ্লাইট শিডিউল অনুযায়ী, আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টা ৫৫ মিনিটে সিলেটে প্রথম অবতরণের কথা রয়েছে। সেখানে প্রায় এক ঘণ্টা অবস্থানের পর সকাল ১০টা ৫৫ মিনিটে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করবে বিমানটি। সবশেষে সকাল ১১টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।

বিমানবন্দরে পৌঁছানোর পর ভিআইপি লাউঞ্জে তারেক রহমানকে ফুল দিয়ে স্বাগত জানাবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের স্থায়ী কমিটির সদস্যরা। এরইমধ্যে দলের একাধিক শীর্ষ নেতা বিমানবন্দরে উপস্থিত হয়েছেন।

বিমানবন্দরে প্রবেশের সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন,

তারেক রহমান আজ নিজের মাতৃভূমিতে অবতরণ করবেন। দীর্ঘ ১৭-১৮ বছর কষ্টকর নির্বাসিত জীবন শেষে। আমরা অত্যন্ত আনন্দিত। সারা দেশের মানুষ আজ অধীর আগ্রহে অপেক্ষা করছে তাকে একনজর দেখার জন্য, দুটো কথা শোনার জন্য।

তিনি আরও বলেন,

বাংলাদেশের বিগত ৫৫ বছরের ইতিহাসে আজ সবচেয়ে অবিস্মরণীয় একটি ঘটনা ঘটতে যাচ্ছে। শুধু দেশের মানুষ নয়, সারা বিশ্ব আজ এই দৃশ্য দেখবে। ইনশাআল্লাহ, আমরা এই মুহূর্তটিকে একটি ঐতিহাসিক মুহূর্ত হিসেবে স্মরণ করতে পারবো।

উল্লেখ্য, ২০০৭ সালের জানুয়ারিতে সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পর দুর্নীতির মামলায় গ্রেফতার হয়ে প্রায় ১৮ মাস কারাবন্দী ছিলেন তারেক রহমান। মুক্তি পাওয়ার পর ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর চিকিৎসার জন্য সপরিবারে লন্ডনে যান তিনি। একই বছরের ডিসেম্বরের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় এলে তার দেশে ফেরার পথ কার্যত বন্ধ হয়ে যায়। পরবর্তী সময়ে একের পর এক মামলায় জড়িয়ে পড়ায় দীর্ঘ সময় দেশে ফেরা সম্ভব হয়নি তার।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *