মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় হতাহত শিশুদের পরিবারের সঙ্গে কথা বলেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (২১ জানুয়ারি) গুলশানের দলীয় কার্যালয়ের সামনের সড়কে তিনি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে সরাসরি কথা বলেন।
এ সময় তারেক রহমান হতাহত শিশুদের খোঁজখবর নেন এবং পরিবারের সদস্যদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন। দুর্ঘটনায় আহত ও নিহত শিশুদের পরিবারের পক্ষ থেকে তার কাছে বিভিন্ন দাবি ও প্রত্যাশা তুলে ধরে একটি স্মারকলিপিও দেওয়া হয়।
আহত এক শিশুর মা কান্নাজড়িত কণ্ঠে জানান, আহত শিশুদের চিকিৎসার জন্য পাঁচ লাখ টাকা এবং নিহত শিশুদের পরিবারকে ২০ লাখ টাকা সহায়তা দেওয়া হয়েছে। তার প্রশ্ন, একটি শিশুর জীবনের মূল্য কি এতো কম? তিনি অভিযোগ করেন, অনেক শিশুর এখনও অস্ত্রোপচার প্রয়োজন হলেও বিমান বাহিনীর পক্ষ থেকে সহায়তা বন্ধ হয়ে গেছে। হাসপাতালে গেলেও পরিবারগুলোকে নানাভাবে হয়রানির শিকার হতে হচ্ছে বলে জানান তিনি।
আরেকজন আহত শিশুর মা বলেন, তার সন্তানের বাবা নেই। দুর্ঘটনায় আহত হওয়ার পর শিশুটি এখনো স্বাভাবিকভাবে হাঁটতে পারছে না, অথচ প্রয়োজনীয় সহযোগিতা পাচ্ছেন না তারা।
সব বক্তব্য শোনার পর তারেক রহমান পরিবারগুলোর প্রতি সহমর্মিতা প্রকাশ করেন। তিনি সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান এবং বিষয়টি নিয়ে সহযোগিতার আশ্বাস দেন।
হতাহত পরিবারের পক্ষে এক অভিভাবক বলেন, তাদের প্রধান দাবিগুলো স্মারকলিপির মাধ্যমে তুলে ধরা হয়েছে। দাবির মধ্যে রয়েছে দুর্ঘটনায় নিহত শিশুদের শহীদ মর্যাদা দিয়ে গেজেট প্রকাশ, আহতদের আজীবন পুনর্বাসন ও একটি স্থায়ী হেলথ কার্ড চালু করা। পাশাপাশি স্মৃতি সংরক্ষণের জন্য উত্তরা এলাকায় একটি মসজিদ বা শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপনের দাবিও জানান তিনি। এছাড়া এ বিষয়ে আগে করা একটি রিটের বাস্তবায়নও তারা চান।
তিনি আরও জানান, তারেক রহমান সময় স্বল্পতার কথা বললেও খুব শিগগিরই তাদের সঙ্গে আবার বসে বিস্তারিত আলোচনা করবেন বলে আশ্বস্ত করেছেন।
সবশেষে, মাইলস্টোনের এই মর্মান্তিক দুর্ঘটনা এখনো বহু পরিবারের জীবনে গভীর ক্ষত রেখে গেছে। ক্ষতিগ্রস্তদের দাবি দ্রুত বাস্তবায়নের দিকেই তাকিয়ে আছে সবাই।
