জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, আওয়ামী লীগের ভোট ব্যাংক দখলে নিতে বিএনপি ও জামায়াতের মধ্যে প্রতিযোগিতা চলছে। তিনি বলেন, আওয়ামী লীগ প্রশ্নে রাজনৈতিক দলগুলো এখনো একমতে পৌঁছাতে পারেনি।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক নির্বাচন সংলাপে এসব কথা বলেন নাহিদ ইসলাম।
তিনি বলেন, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে শুধু একটি দলের পতন নয়, বরং রাষ্ট্র ও জীবন ব্যবস্থার মৌলিক পরিবর্তনের আকাঙ্ক্ষা ছিল জনগণের। কিন্তু প্রত্যাশিত সেই পুনর্গঠন এখনও বাস্তবায়িত হয়নি। বাস্তবতা মেনেই দেশ এখন নির্বাচনের দিকে এগোচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
নাহিদ ইসলাম জানান, আসন্ন নির্বাচনে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে থাকবে এনসিপি। তিনি বলেন, বাংলাদেশের রাজনীতির ইতিহাস মূলত প্রতিশ্রুতি ভঙ্গের ইতিহাস। এতে কখনোই ইতিবাচক কিছু আসেনি। নির্বাচনের পর ঐক্যমত কমিশন গঠনের প্রতিশ্রুতি রাজনৈতিক দলগুলো বাস্তবায়ন করবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
জবাবদিহিতা ও স্বচ্ছতা ছাড়া দুর্নীতি রোধ সম্ভব নয় উল্লেখ করে এনসিপি আহ্বায়ক বলেন, সরকারের তথ্য জনগণের সামনে উন্মুক্ত করতে হবে। তিনি ‘হিসাব দাও’ নামে একটি কর্মসূচির প্রস্তাব দেন, যেখানে সরকার জনগণের কাছে তার কার্যক্রমের পূর্ণ হিসাব তুলে ধরবে।
তবে আওয়ামী লীগের ভোট নেওয়ার প্রতিযোগিতা চলছে—এনসিপি নেতার এমন বক্তব্য সরাসরি নাকচ করেছে বিএনপি ও জামায়াত। দল দুটির নেতারা বলেন, ফ্যাসিবাদের সঙ্গে কোনো ধরনের আপোষের প্রশ্নই ওঠে না।
আলোচনায় নির্বাচনে বিজয়ী হলে নিজ নিজ দলের পরিকল্পনা ও প্রতিশ্রুতির কথাও তুলে ধরা হয়। এ সময় র্যাব বিলুপ্তির বিষয়ে এনসিপি একমত হলেও বিএনপি ও জামায়াত ভিন্ন অবস্থান নেয়।
