মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে তীব্র অভিযান পরিচালনা করা হয়েছে। সেলাঙ্গর প্রদেশের পুলাউ ইন্ডাহ শিল্পাঞ্চলে রাতভর এ অভিযানে ৮৯৮ জন বিদেশি নাগরিককে আটক করা হয়, যাদের মধ্যে ১৫০ জন বাংলাদেশি।
স্থানীয় সময় বুধবার রাত সাড়ে ৯টা থেকে রাত সাড়ে ১২টা পর্যন্ত এ অভিযান চলে। দীর্ঘ চার মাসের গোয়েন্দা তথ্য সংগ্রহের ভিত্তিতে অভিযানটি পরিচালিত হয়। এ সময় প্রায় ১০০টির বেশি দোকান ও ৯টি বাণিজ্যিক ব্লকে তল্লাশি চালানো হয়।
অভিযানে ইমিগ্রেশন বিভাগের পাশাপাশি রয়্যাল পুলিশ, মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সি, এয়ার অপারেশনস ফোর্সেস, স্থানীয় সিটি কাউন্সিল ও জাতীয় নিবন্ধন বিভাগের ২৪২ জন কর্মকর্তা অংশ নেন। মোট ১ হাজার ১৩২ জনের কাগজপত্র যাচাই করা হলে, সেখান থেকে ৮৯৮ জনকে আটক করা হয়।
আটকদের মধ্যে রয়েছেন ৬৪৩ জন ইন্দোনেশীয়, ১৫০ বাংলাদেশি, ৩৫ পাকিস্তানি, ৩৬ মিয়ানমারের, ২৪ নেপালি এবং ১০ জন ভারতীয় নাগরিক। তাদের মধ্যে বেশিরভাগই বৈধ নথি ছাড়া অবস্থান, ভিসার শর্ত লঙ্ঘন বা ভুয়া পরিচয়পত্র ব্যবহার করছিলেন।
আটক বিদেশিদের অস্থায়ীভাবে সেলাঙ্গর অফিসে রাখা হয়েছে। যাচাই-বাছাই শেষে তাদের সেমেনিয়াহ ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হবে। কর্তৃপক্ষ জানিয়েছে, এ ধরনের অভিযান শুধু পুলাউ ইন্ডাহ নয়, পুরো সেলাঙ্গর প্রদেশে অব্যাহত থাকবে।
কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, অবৈধ অভিবাসীদের আশ্রয় দিলে নিয়োগকর্তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবে কিছু নিয়োগকর্তা কর্মীদের পাসপোর্ট জমা দিয়ে অভিযানে সহায়তা করেছেন বলেও স্বীকার করা হয়েছে।
