জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি তারেক রহমানের শ্রদ্ধা

ফরহাদ হোসেন, ঢাকা প্রতিনিধি

1 Min Read

ঢাকার সাভারে জাতীয় স্মৃতিসৌধে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত ১০টার কিছু পর তিনি স্মৃতিসৌধে পৌঁছে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই শ্রদ্ধা জানান।

দীর্ঘ দেড় যুগ পর দেশে প্রত্যাবর্তনের পরদিনই ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে জাতীয় স্মৃতিসৌধে যান তারেক রহমান। এর আগে শুক্রবার দুপুরে তিনি বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন। গুলশান থেকে জিয়া উদ্যান পর্যন্ত পুরো পথজুড়ে হাজারো নেতাকর্মী ও সমর্থকের ভালোবাসায় সিক্ত হন তিনি।

জিয়া উদ্যান এলাকায় পৌঁছে বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে নিয়ে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন তারেক রহমান। সেখানে ফাতেহা পাঠ করেন এবং দোয়া-মোনাজাতে অংশ নেন। এ সময় তিনি শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনার পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।

বিকেল ৫টার দিকে জিয়া উদ্যান থেকে বেরিয়ে সাভারের উদ্দেশে রওনা হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। পথে পথে বিপুল সংখ্যক মানুষ তাকে অভিবাদন জানান। জনস্রোতের কারণে বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীকে পরিস্থিতি সামাল দিতে বেগ পেতে হয়।

অবশেষে রাত ১০টার কিছু পর জাতীয় স্মৃতিসৌধে পৌঁছে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তারেক রহমান। তার এই কর্মসূচিকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *