মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের সরাসরি প্রভাব পড়েছে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর। সর্বশেষ আরও ৮টি ফ্লাইট বাতিল হওয়ায় মোট বাতিল ফ্লাইটের সংখ্যা দাঁড়িয়েছে ১৪৫-এ।
বুধবার (১৮ মার্চ) বিকেল ৫টা ৪৫ মিনিটে বিমানবন্দর কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করে।
বিমানবন্দর সূত্র জানায়, দুবাই, আবুধাবি, শারজাহ ও দোহার এয়ারফিল্ড সাময়িকভাবে বন্ধ থাকায় এসব রুটে ফ্লাইট চলাচল ব্যাহত হচ্ছে। এর ফলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মধ্যপ্রাচ্যগামী দুটি ফ্লাইট বাতিল করা হয়েছে।
এছাড়া ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি আগমন ও একটি বহির্গমন ফ্লাইট বাতিল করা হয়েছে। শারজাহ রুটে এয়ার আরাবিয়ার চারটি ফ্লাইট (দুটি আগমন ও দুটি বহির্গমন) স্থগিত রয়েছে।
তবে পুরোপুরি বন্ধ হয়নি আকাশপথ। সীমিত পরিসরে ফ্লাইট চলাচল অব্যাহত রয়েছে। বুধবার বিভিন্ন এয়ারলাইন্সের ৯টি আগমন ও ৫টি বহির্গমন ফ্লাইট পরিচালিত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বিমানবন্দর কর্তৃপক্ষ আরও জানায়, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই সংকট এখনো কাটেনি। শারজাহ, দুবাই ও আবুধাবি রুটে সালাম এয়ারসহ কয়েকটি এয়ারলাইন্সের ফ্ল্লাইট স্থগিত রয়েছে।
পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট সূচিতে অনিশ্চয়তা অব্যাহত থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
