২০ জানুয়ারির মধ্যে হাদি হত্যার বিচারের চূড়ান্ত সিদ্ধান্ত দাবি ইনকিলাব মঞ্চের

ফরহাদ হোসেন, ঢাকা প্রতিনিধি

1 Min Read

শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিচার কার্যক্রমের চূড়ান্ত সিদ্ধান্ত আগামী ২০ জানুয়ারির মধ্যে দিতে হবে বলে দাবি জানিয়েছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। অন্যথায় আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি।

শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে রাজধানীর শাহবাগে হাদি হত্যার বিচারের দাবিতে আয়োজিত বিক্ষোভ মিছিলে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন আব্দুল্লাহ আল জাবের।

তিনি বলেন, আগামী ৭ জানুয়ারির মধ্যে হাদি হত্যাকাণ্ডের চার্জশিট দাখিলের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে দৃশ্যমান অগ্রগতি না হলে ইনকিলাব মঞ্চ চূড়ান্ত আন্দোলনে নামবে। এর অংশ হিসেবে শনিবার (৩ জানুয়ারি) থেকে মঙ্গলবার (৬ জানুয়ারি) পর্যন্ত ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি পালন করা হবে।

আল জাবের আরও বলেন, আগামী তিন দিন ইনকিলাব মঞ্চ বাংলাদেশপন্থি বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবে। এসব বৈঠকের মাধ্যমে বিচার ও ন্যায়বিচারের প্রশ্নে ঐক্য গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।

বক্তব্যে তিনি বলেন, ২০ জানুয়ারির মধ্যে বিচার কার্যক্রমের বিষয়ে একটি স্পষ্ট ও চূড়ান্ত সিদ্ধান্ত দিতে হবে। যারা দিল্লির কাছে দেশকে বর্গা দিতে চায় না এবং যারা ওসমান হাদির খুনিদের বিচার নিশ্চিত করবে, ইনকিলাব মঞ্চ তাদেরকেই ক্ষমতায় দেখতে চায়।

বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা দ্রুত বিচার নিশ্চিতের দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *