হলফনামায় আমেরিকান নাগরিকত্বের তথ্য গোপন করায় চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী আমজাদ হোসাইনের প্রার্থিতা বাতিল করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা।
শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে যাচাই-বাছাই শেষে চট্টগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম মিঞা এই সিদ্ধান্ত দেন। বিষয়টি নিশ্চিত করেছেন অভিযোগকারী মো. রুবেলের আইনজীবী অ্যাডভোকেট মো. ওমর ফারুক।
তিনি জানান, আমজাদ হোসাইনের আমেরিকান নাগরিকত্ব রয়েছে এবং তিনি আমেরিকান পাসপোর্টধারী। তবে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র দাখিলের সময় অনলাইনে পূরণ করা হলফনামায় তিনি সেই তথ্য গোপন করেন। পরবর্তীতে শুনানির সময় তিনি নিজেই আমেরিকান নাগরিকত্ব থাকার বিষয়টি স্বীকার করেছেন।
আইনজীবী ওমর ফারুক বলেন, বাংলাদেশ সংবিধানের ৬৬ (২) (গ) অনুচ্ছেদ অনুযায়ী কোনো ব্যক্তি যদি বিদেশি রাষ্ট্রের নাগরিক হন, তাহলে তিনি জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার যোগ্য নন। সেই সত্ত্বেও ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী হিসেবে হাতপাখা প্রতীক নিয়ে নির্বাচন করতে আমজাদ হোসাইন মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিল করেন।
রিটার্নিং কর্মকর্তা কার্যালয় সূত্রে জানা গেছে, হলফনামায় গুরুত্বপূর্ণ তথ্য গোপন করা নির্বাচন আইন অনুযায়ী গুরুতর অপরাধ হিসেবে গণ্য হয়। এ কারণে সব দিক বিবেচনায় নিয়ে তার মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত দেওয়া হয়েছে।
উল্লেখ্য, চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে মনোনয়ন যাচাই-বাছাই কার্যক্রম চলমান রয়েছে এবং বাতিল হওয়া প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন।
