ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন ঘিরে ভোটকেন্দ্র দখলের পাঁয়তারা চলছে বলে অভিযোগ তুলেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর ২টার পর নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি লিখেন,
ভোট কেন্দ্র দখলের পাঁয়তারা করছে ছাত্রদল। মনে রেখ, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়। কোনো অপকর্মের চেষ্টা করলে চরম মূল্য দিতে হবে। ছাত্ররাই তাদের কেন্দ্রভিত্তিক ভোট পাহারা দেবে ইনশাআল্লাহ।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের ৮টি কেন্দ্রে ৮১০টি বুথে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। বিকেল ৪টার মধ্যে লাইনে দাঁড়ানো শিক্ষার্থীরাও ভোট দেওয়ার সুযোগ পাবেন।
এবার ডাকসুতে মোট ভোটার ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে ছাত্রী ১৮ হাজার ৯৫৯ জন এবং ছাত্র ২০ হাজার ৯১৫ জন। ডাকসুর ২৮টি পদের বিপরীতে প্রার্থী হয়েছেন ৪৭১ জন। এছাড়া ১৮টি হল সংসদের ২৩৪টি পদের বিপরীতে প্রার্থী হয়েছেন ১ হাজার ৩৫ জন।
সব মিলিয়ে ভোটারদের ৪১টি ভোট দিতে হবে, সময় পাবেন মাত্র ১০ মিনিট। নির্বাচন ঘিরে সোমবার রাত ৮টা থেকে বিশ্ববিদ্যালয়ের সব প্রবেশপথ সর্বসাধারণের জন্য বন্ধ রয়েছে। যা আগামীকাল বুধবার সকাল ৬টা পর্যন্ত বলবৎ থাকবে।
