আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল অনুযায়ী প্রার্থীরা আগামীকাল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে দেশের বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণা-প্রচারণায় নামতে পারবেন। এই প্রচারণা তারা চালাতে পারবেন ভোট গ্রহণ শুরু হওয়ার ৪৮ ঘণ্টা আগ পর্যন্ত।
এ বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক জানান, বুধবার (২১ জানুয়ারি) সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত দেশের ২৯৮টি আসনে রিটার্নিং কর্মকর্তারা ১ হাজার ৯৭৩ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দিয়েছেন। প্রতীক বরাদ্দের পর রিটার্নিং কর্মকর্তারা প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের তালিকা ইসিকে জানাবেন এবং ফরম-৫ পূরণ করে পাঠাবেন, এরপরই ব্যালট পেপার ছাপানো হবে।
প্রতীক বরাদ্দ পাওয়ার পর আগামীকাল থেকে ব্যালট পেপার ছাপানোর কাজ শুরু হতে পারে বলেও তিনি জানান।
ইসি সূত্রে জানা গেছে, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল ২৯ ডিসেম্বর। নির্ধারিত সময়ে ৩০০ সংসদীয় আসনে ২৫৮৫ মনোনয়নপত্র জমা পড়ে। বাছাই শেষে ৭২৬ জনের মনোনয়নপত্র বাতিল হলে বৈধ প্রার্থী ছিলেন ১৮৫৮ জন।
রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে ৫ জানুয়ারি থেকে আপিল আবেদন নেয়া হয়। ৯ জানুয়ারি পর্যন্ত ৬৩৯ জন আপিল করেন। ১০ জানুয়ারি থেকে আপিল শুনানি শুরু হয়ে ১৮ জানুয়ারি পর্যন্ত চলে। এই সময়ে ৬৪৫ জন আপিল করে ৪৩১ জন প্রার্থিতা ফিরে পান।
পাবনা-১ ও পাবনা-২ আসনে আগের তালিকা থেকে ১১ জন প্রার্থী বাদ যাওয়ায় ওই দুটি আসনে নতুন তফসিল ঘোষণা করা হয়েছে। গত রোববার (১৮ জানুয়ারি) এই দুই আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল; পাবনা-১ আসনে ৭টি ও পাবনা-২ আসনে ৫টি মনোনয়নপত্র জমা পড়ে।
তফসিল অনুযায়ী ভোটগ্রহণ হবে ১২ ফেব্রুয়ারি, একই দিন অনুষ্ঠিত হবে গণভোটও। ভোটাররা ‘হ্যা’ এবং ‘না’ ভোটের মাধ্যমে আগামীর বাংলাদেশ সম্পর্কে সিদ্ধান্ত জানাবেন।
