বিপিএলের শিরোপা স্বপ্ন অধরাই থেকে গেল সিলেট টাইটান্সের। প্লে-অফে স্যাম বিলিংস ও ক্রিস ওকসদের মতো তারকাদের বিদায় করে আত্মবিশ্বাস নিয়ে এগোলেও দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে এসে থামলো সিলেটের যাত্রা। বুধবার (২১ জানুয়ারি) মিরপুরে অনুষ্ঠিত ফাইনাল নিশ্চিতের লড়াইয়ে রাজশাহী ওয়ারিয়র্সের কাছে ১২ রানে পরাজিত হয়েছে সিলেট।
এই জয়ের মাধ্যমে ফাইনালে উঠে গেছে রাজশাহী। শিরোপার মঞ্চে তারা মুখোমুখি হবে চট্টগ্রাম রয়্যালসের, যেখানে নেতৃত্ব দিচ্ছেন শান্ত।
ম্যাচে প্রথমে ব্যাট করে রাজশাহী ওয়ারিয়র্স নির্ধারিত ২০ ওভারে সংগ্রহ করে ১৬৫ রান। জবাবে ১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে সিলেট টাইটান্স শুরুটা ভালো করলেও মাঝের ওভারে ছন্দ হারায়। শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৩ রানেই থামে সিলেট।
সিলেটের ব্যাটিং বিপর্যয়ের মূল নায়ক ছিলেন রাজশাহীর লঙ্কান পেসার বিনুরা ফার্নান্দো। দুর্দান্ত বোলিংয়ে মাত্র ১৯ রান খরচায় ৪ উইকেট শিকার করেন তিনি। তার নিয়ন্ত্রিত স্পেলই মূলত সিলেটের ফাইনালের স্বপ্ন ভেঙে দেয়।
এর ফলে এবারের বিপিএলে ফাইনালে উঠল রাজশাহী ওয়ারিয়র্স, আর শেষ চারে দুর্দান্ত লড়াই করেও বিদায় নিতে হলো সিলেট টাইটান্সকে। এখন অপেক্ষা শিরোপার লড়াইয়ের, যেখানে চট্টগ্রাম ও রাজশাহীর মুখোমুখি হওয়া নিশ্চিত।
