পটুয়াখালী-৩ আসনে হামলা-ভাঙচুরের অভিযোগে নূরের সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিনিধি

3 Min Read

পটুয়াখালী-৩ (গলাচিপা–দশমিনা) আসনে বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের বিরুদ্ধে হামলা, ভাঙচুর ও হুমকির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে গলাচিপা উপজেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে স্থানীয় বিএনপি ও গণঅধিকার পরিষদের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে নুরুল হক নূর বলেন, বিএনপির সঙ্গে জোটগত সমঝোতার ভিত্তিতে পটুয়াখালী-৩ আসনটি তাকে ছেড়ে দেওয়া হয়েছে এবং কেন্দ্রীয় বিএনপিসহ গলাচিপা ও দশমিনা উপজেলা বিএনপির একটি বড় অংশ তার প্রার্থিতাকে সমর্থন করছে। তবে উপজেলা বিএনপির একটি অংশ বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের পক্ষে অবস্থান নিয়ে তাকে ও তার নেতা-কর্মীদের নির্বাচন থেকে সরে যেতে চাপ দিচ্ছে।

তিনি অভিযোগ করেন, হাসান মামুন ও তার সমর্থকেরা উদ্দেশ্যমূলকভাবে উত্তেজনাকর বক্তব্য দিচ্ছেন, বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছেন এবং রাস্তাঘাটে সংঘাত উসকে দেওয়ার চেষ্টা করছেন।

নূরুল হক নূর বলেন,

গত রোববার নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়া শ্রমিক অধিকারের নেতা মো. রাকিবকে মারধর করা হয় এবং তার মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

তিনি জানান, পরদিন সোমবার ট্রাক প্রতীকের কর্মী মোহাম্মদ চাঁন মিয়াকে টাকা নেওয়ার মিথ্যা অভিযোগ তুলে মারধর করা হয়।

তিনি আরও বলেন, এর আগে চরকপালভেড়া এলাকায় কর্মী-সমর্থকদের ওপর হামলার ঘটনা ঘটে। সোমবার রাতে দশমিনা উপজেলার চরবোরহান ইউনিয়নে ট্রাক প্রতীকের প্রচারণা চালাতে গেলে হাসান মামুনের সমর্থকেরা ঘোড়া প্রতীকের স্লোগান দিয়ে স্থানীয় ট্রাক প্রতীকের নির্বাচনী কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালায়। এতে কয়েকজন নেতা-কর্মী আহত হন।

নুরুল হক নূর অভিযোগ করে বলেন,

পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর খবর পেয়ে হামলাকারীরা নিজেদের কার্যালয় ভাঙচুর করে ঘটনার দায় আমাদের ওপর চাপানোর চেষ্টা করেছে।

নির্বাচন নিয়ে শঙ্কার কথা জানিয়ে তিনি বলেন,

নির্বাচনের আগেই যদি আমাদের নেতা-কর্মীদের ওপর এভাবে হামলা হয়, তাহলে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি হওয়াটা স্বাভাবিক।

তিনি আরও বলেন, একটি বড় রাজনৈতিক দলের সঙ্গে জোট থাকা সত্ত্বেও বর্তমানে কোনো দলের প্রার্থী নন—এমন একজনের পক্ষ থেকে ধারাবাহিক সহিংসতা হচ্ছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

নূর জানান, টানা তিন দিনের এসব ঘটনার বিষয়ে প্রশাসনকে অবহিত করা হয়েছে। প্রশাসন তাকে লিখিত অভিযোগ দিতে বলেছে বলেও তিনি উল্লেখ করেন।

অন্যদিকে নুরুল হক নূরের অভিযোগ অস্বীকার করে স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন বলেন,

চরবোরহান এলাকায় আমার নির্বাচনী কার্যালয় ভাঙচুর করা হয়েছে এবং আমার লোকজন আহত হয়েছেন।

তিনি দাবি করেন, নূরের বাকি অভিযোগগুলো উদ্দেশ্যমূলক ও ভিত্তিহীন।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *