ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে প্রার্থী জুলিয়াস সিজার তালুকদারের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয় প্রশাসনের গঠিত তিন সদস্যের তদন্ত কমিটি এই সিদ্ধান্তের পক্ষে মত দিয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে উপাচার্য প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত বহাল রাখেন।
এর আগে ২৭ আগস্ট সিন্ডিকেট সভায় অভিযোগ যাচাই-বাছাইয়ের জন্য তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। আইন বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মাহফুজুল হক সুপণকে কমিটির আহ্বায়ক করা হয়। অন্য সদস্যরা হলেন আইন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া এবং বিশ্ববিদ্যালয়ের আইনি উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ রায়হান উদ্দিন।
এদিকে প্রার্থিতা বাতিলের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে জুলিয়াস সিজার হাইকোর্টে রিট দায়ের করেছেন। আদালতের নির্দেশনা না আসা পর্যন্ত এই সিদ্ধান্তকে কেন্দ্র করে নির্বাচনী প্রক্রিয়ায় অনিশ্চয়তা বিরাজ করছে।
বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ রাজনৈতিক অঙ্গনে এ ঘটনাকে ঘিরে চলছে নানা আলোচনা ও সমালোচনা। শিক্ষার্থীদের একাংশ মনে করছেন, প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত নির্বাচনকে প্রভাবিত করতে পারে। অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, সব সিদ্ধান্ত নিয়ম মেনে তদন্তের ভিত্তিতেই নেওয়া হয়েছে।
