আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সাংবাদিকতার নিরাপত্তা, নৈতিকতা ও তথ্যের নির্ভরযোগ্যতা জোরদার করতে চট্টগ্রামে নারী সাংবাদিকদের জন্য দুটি আবাসিক প্রশিক্ষণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে।
ইউনেস্কো ঢাকা অফিসের সহযোগিতায় ইউএন ব্যালট প্রকল্পের আওতায় গণমাধ্যম ও যোগাযোগ উন্নয়ন সংস্থা সমষ্টি এই প্রশিক্ষণের আয়োজন করে। নগরীর হোটেল টাওয়ার ইন-এ অনুষ্ঠিত প্রশিক্ষণের প্রথম ব্যাচ চলে ১৬ থেকে ১৮ জানুয়ারি ২০২৬ পর্যন্ত এবং দ্বিতীয় ব্যাচ অনুষ্ঠিত হয় ১৭ থেকে ১৯ জানুয়ারি ২০২৬।
চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা থেকে প্রিন্ট, টেলিভিশন ও অনলাইন গণমাধ্যমে কর্মরত মোট ৪৯ জন নারী সাংবাদিক এ প্রশিক্ষণে অংশ নেন।
প্রশিক্ষণে নির্বাচনকালীন সাংবাদিকতার নানা গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করা হয়। এর মধ্যে ছিল নির্বাচন সংশ্লিষ্ট মতপ্রকাশের স্বাধীনতা ও আন্তর্জাতিক মানদণ্ড, বিভ্রান্তিকর তথ্য মোকাবিলায় করণীয়, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-এর ঝুঁকি ও সম্ভাবনা, তথ্য যাচাইয়ের কৌশল, নির্বাচন ও রাজনৈতিক প্রতিবেদনের আইনগত কাঠামো এবং নারী সাংবাদিকদের শারীরিক, ডিজিটাল ও মানসিক নিরাপত্তা।
প্রশিক্ষণের বিভিন্ন অধিবেশন পরিচালনা করেন আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ের অভিজ্ঞ প্রশিক্ষকরা। ইউনেস্কোর প্রতিনিধি মেহদি বেঞ্চেলাহ মতপ্রকাশের স্বাধীনতা, তথ্যের বিশ্বাসযোগ্যতা ও সাংবাদিক নিরাপত্তা বিষয়ে সেশন নেন। ডিজিটাল মিডিয়া, এআই ও ভুয়া তথ্য নিয়ে প্রশিক্ষণ দেন আন্তর্জাতিক প্রশিক্ষক আনাস বেনদ্রিফ। সাংবাদিকদের শারীরিক ও ডিজিটাল নিরাপত্তা এবং ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ দেন আন্তর্জাতিক নিরাপত্তা বিশেষজ্ঞ স্কট হোয়ার।
বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা, আইন ও রাজনৈতিক রিপোর্টিং নিয়ে আলোচনা করেন জ্যেষ্ঠ সাংবাদিক শারমিন রিনভী এবং বিজনেস স্ট্যান্ডার্ডের নির্বাহী সম্পাদক শাখাওয়াত লিটন। নির্বাচনকালে লিঙ্গভিত্তিক সহিংসতা ও সংবেদনশীল রিপোর্টিং বিষয়ে অধিবেশন পরিচালনা করেন ইউএনডিপির জেন্ডার বিশেষজ্ঞ তাসলিমা আকতার।
প্রশিক্ষণে অংশ নেওয়া নারী সাংবাদিকরা জানান, এই কর্মসূচি তাদের নির্বাচনকালীন রিপোর্টিংয়ে আরও দায়িত্বশীল, আত্মবিশ্বাসী ও নিরাপদভাবে কাজ করতে সহায়তা করবে। বিশেষ করে তথ্য যাচাই, এআই-সংক্রান্ত ঝুঁকি চিহ্নিতকরণ এবং মাঠ ও অনলাইন পর্যায়ে নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে তারা বাস্তবভিত্তিক জ্ঞান অর্জন করেছেন।
