আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন। ঋণ খেলাপির অভিযোগে শুনানি শেষে তার প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।
শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে অনুষ্ঠিত শুনানি শেষে কমিশন এ সিদ্ধান্ত জানায়। এর আগে একই আসনের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আব্দুল্লাহ ঋণ খেলাপির অভিযোগ তুলে মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে আপিল করেন।
অন্যদিকে হাসনাত আব্দুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে মঞ্জুরুল আহসান মুন্সীর করা আবেদন কমিশন নামঞ্জুর করেছে। ফলে হাসনাতের মনোনয়ন বৈধ থাকছে এবং তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন। উল্লেখ্য, গত ৯ জানুয়ারি হাসনাতের প্রার্থিতা বাতিলের দাবিতে নির্বাচন কমিশনে আবেদন করেছিলেন মঞ্জুরুল আহসান মুন্সী।
এদিকে আদালতের আদেশ অনুযায়ী মঞ্জুরুল আহসান মুন্সী বর্তমানে ঋণ খেলাপি হিসেবেই বিবেচিত হচ্ছেন। তার নাম স্থগিত করে জারি করা রুল দুই সপ্তাহের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আপিল বিভাগের চেম্বার আদালত। গত বুধবার (১৪ জানুয়ারি) চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব এ আদেশ দেন। ফলে বিদ্যমান আইন অনুযায়ী নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ থাকছে না তার।
তবে প্রিমিয়ার ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, মঞ্জুরুল আহসান মুন্সী ঋণ পুনঃতফসিল করেছেন। রুল নিষ্পত্তি হলে তিনি ঋণ খেলাপির তালিকা থেকে মুক্ত হতে পারেন বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। শুনানিতে প্রিমিয়ার ব্যাংকের পক্ষে ছিলেন ব্যারিস্টার বিভূতি তরফদার এবং অপরপক্ষে শুনানি করেন আইনজীবী সাইফুল্লাহ মামুন।
