এনসিপিকে ১৯ অক্টোবরের মধ্যে প্রতীক বেছে নিতে নির্দেশ নির্বাচন কমিশনের

মুসাইব ইব্রাহিম, ডেস্ক রিপোর্ট

2 Min Read

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)কে ১৯ অক্টোবরের মধ্যে নির্বাচন কমিশনের (ইসি) তফসিলভুক্ত প্রতীকগুলোর মধ্যে থেকে একটি প্রতীক বেছে নিতে নির্দেশ দিয়েছে কমিশন। নির্ধারিত সময়ের মধ্যে দলটি প্রতীক না নিলে কমিশন নিজ উদ্যোগে তাদের জন্য প্রতীক বরাদ্দ করবে বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ।

মঙ্গলবার (১৪ই অক্টোবর) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, এনসিপির সঙ্গে দুই ঘণ্টার বেশি সময় ধরে আলোচনা হয়েছে। তারা শাপলা প্রতীক চেয়ে কমিশনের কাছে ব্যাখ্যা চাইলেও নির্বাচন বিধিমালায় সে প্রতীক না থাকায় কমিশন আগের সিদ্ধান্তেই অনড় রয়েছে।

ইসি সচিব বলেন,

নির্বাচন বিধিমালায় শাপলা প্রতীক নেই। তাই এটি বরাদ্দ দেওয়ার কোনো সুযোগ নেই। ১৯ অক্টোবরের মধ্যে এনসিপি যদি নতুন কোনো প্রতীক প্রস্তাব না করে, তাহলে কমিশন নিজ বিবেচনায় প্রতীক নির্ধারণ করে দেবে।

তিনি আরও জানান, প্রবাসী ভোটারদের বিষয়ে অগ্রগতি হয়েছে। পুরনো ১১টি দেশের পাশাপাশি নতুন করে আরও চারটি দেশে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু হবে। নভেম্বরের প্রথম সপ্তাহে প্রবাসী ভোটারদের জন্য ভোট প্রদান অ্যাপ চালু করার পরিকল্পনাও রয়েছে।

এ ছাড়া ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম ইতোমধ্যে কমিশনের কাছে পৌঁছেছে বলে জানান তিনি।

নতুন ১২টি রাজনৈতিক দলের নিবন্ধন যাচাই-বাছাইও চলছে বলে জানান ইসি সচিব। গণভোটের বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, গণভোট আয়োজনের বিষয়ে এখনো কমিশনে কোনো প্রস্তাব উপস্থাপন হয়নি, তাই এ নিয়ে কোনো প্রস্তুতির কথাও বলা যাচ্ছে না।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *