ইসিতে প্রস্তাবিত সীমানা নিয়ে শুনানি শুরু

মাইশা তাসনিম, ডেস্ক রিপোর্ট

1 Min Read

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রস্তাবিত সীমানা পুনর্নির্ধারণ নিয়ে দাবি-আপত্তি আবেদনের শুনানি শুরু হয়েছে।

রোববার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের অডিটরিয়ামে এ শুনানি শুরু হয়। এতে উপস্থিত আছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন, চার নির্বাচন কমিশনার ও সিনিয়র সচিব আখতার আহমেদ। প্রথম দিন কুমিল্লা অঞ্চলের ১৮টি আসনের শুনানি অনুষ্ঠিত হচ্ছে।

শুনানিতে আপত্তিকারী কিংবা তাদের আইনজীবীদের উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে ইসি। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিটি শুনানিতে সর্বোচ্চ দুই পক্ষের মোট ১০ জন প্রতিনিধি উপস্থিত থাকতে পারবেন। নিরাপত্তা নিশ্চিত করতে ভবনের ভেতরে ও বাইরে পুলিশ, আনসার ও কোস্টগার্ড মোতায়েন রয়েছে।

ইসির তথ্য অনুযায়ী, ১০ আগস্টের মধ্যে সারাদেশের ৮৩টি সংসদীয় আসনের সীমানা নিয়ে এক হাজার ৭৬০টি দাবি-আপত্তির আবেদন জমা পড়ে। এসব আবেদন নিয়ে চার দিনের শুনানি শেষে ২৭ আগস্ট চূড়ান্ত সীমানা প্রকাশ করবে কমিশন।

গত ৩০ জুলাই ৩০০ আসনের সীমানা পুনর্নির্ধারণ করে খসড়া প্রকাশ করে ইসি। সেখানে ভোটার সংখ্যার সমতা আনার অংশ হিসেবে বাগেরহাটের আসন চারটি থেকে কমিয়ে তিনটির প্রস্তাব দেওয়া হয়, অন্যদিকে গাজীপুরে একটি আসন বাড়িয়ে ছয়টি করার প্রস্তাব করা হয়।

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *