জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগের খবর ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে গত কয়েকদিন ধরে তোলপাড় চলছে। যদিও দলীয় সূত্রের বরাত দিয়ে কেউ কেউ দাবি করেছেন তিনি দুই সপ্তাহ আগে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দিয়েছেন, তবে এনসিপির শীর্ষ নেতৃত্ব এই খবরকে “গুজব” বলে প্রত্যাখ্যান করেছে।
দলীয় অভ্যন্তরীণ সূত্রে জানা যায়, সম্প্রতি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এনসিপির সাংগঠনিক পুনর্গঠন ও দায়িত্ব পুনর্বণ্টন নিয়ে কিছু মতবিরোধ দেখা দেয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও বর্তমান অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার এনসিপিতে যোগদানের আলোচনা শুরু হওয়ার পর থেকেই নাসীরুদ্দীনের অবস্থান নিয়ে জল্পনা ছড়ায়।
কিছু সূত্র দাবি করে, উপদেষ্টা আসিফ মাহমুদ দলের নির্বাচন ও সাংগঠনিক কার্যক্রম পরিচালকের দায়িত্ব নিতে চান—যা বর্তমানে নাসীরুদ্দীন পাটওয়ারীর অধীনে। তবে এসব দাবি সম্পর্কে দল এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি।
এ গুঞ্জনের পরিপ্রেক্ষিতে এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল হান্নান মাসুদ তার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে লিখেছেন
কনফার্ম করছি,
জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মূখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারীর পদত্যাগের যে সংবাদ ছড়ানো হচ্ছে, তা গুজব ছাড়া আর কিছুই না।
এমন অসত্য ও ভিত্তিহীন খবরের তীব্র নিন্দা জানাচ্ছি।
এর পাশাপাশি, বিষয়টি আরও পরিষ্কারভাবে ব্যাখ্যা করেন এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত। তিনি বলেন
নাসীরুদ্দীন পাটোয়ারী আমাদের সাথেই আছেন। তিনি কিছুদিন আগেও নির্বাচন কমিশনে পার্টি নিবন্ধন সংক্রান্ত কাজে তার দায়িত্ব পালন করেছেন।
এছাড়াও, মুখ্য সমন্বয়ক হিসাবে তিনি বিভিন্ন উইংয়ের দায়িত্ব পালন করছেন।
তার পদত্যাগের বিষয়টি কিংবা দল থেকে অব্যাহতি নেওয়ার বিষয়টি সঠিক নয়।
যদিও দলীয় নেতারা তার পদত্যাগের খবর অস্বীকার করেছেন, তবুও নাসীরুদ্দীন পাটওয়ারী নিজে এখনো এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। গত কয়েক সপ্তাহ ধরে তিনি দলীয় কার্যক্রমে কিছুটা নীরব ভূমিকা পালন করলেও এনসিপির বিভিন্ন অভ্যন্তরীণ বৈঠকে তার উপস্থিতি নথিভুক্ত রয়েছে বলে জানা গেছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের প্রাক্কালে এমন খবর ছড়িয়ে পড়া এনসিপির সাংগঠনিক ঐক্যকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা হতে পারে। তবে দলের পক্ষ থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া ও নেতৃত্বের স্পষ্ট বার্তা দলীয় স্থিতি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এনসিপির শীর্ষ মহল জানিয়েছে—দল এখন নির্বাচনী প্রস্তুতি, প্রার্থী বাছাই ও নিবন্ধন কার্যক্রমে মনোনিবেশ করছে। তাই এমন “গুজব ছড়ানো”কে তারা দেখছে পরিকল্পিত বিভ্রান্তি তৈরির অংশ হিসেবে।
