চলমান জোট রাজনীতির ভিড়ে নিজের অবস্থান আলাদা করে স্পষ্ট করলেন সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। তিনি জানিয়েছেন, নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে তিনি যোগ দিচ্ছেন না।
রোববার (২৮ ডিসেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে মাহফুজ আলম বলেন, তার রাজনৈতিক পথ নির্ধারিত—নতুন রাজনৈতিক-অর্থনৈতিক বন্দোবস্ত, ফ্যাসিবাদের বিরুদ্ধে সাংস্কৃতিক লড়াই এবং দায়বদ্ধ সমাজ গঠনের প্রশ্নে আপসহীন থাকা।
এই ঘোষণা আসে এমন এক সময়, যখন এনসিপি ও জামায়াতে ইসলামীর নির্বাচনী জোটের বিষয়টি প্রকাশ্যে আসে। ঠিক তখনই নিজের অবস্থান জানিয়ে দেন মাহফুজ আলম—তিনি কোনো জোটে যাচ্ছেন না।
তিনি জানান, জুলাই আন্দোলনের সময় নাগরিক কমিটি ও এনসিপির সঙ্গে নীতিগতভাবে যুক্ত ছিলেন এবং পরামর্শ দিয়েছেন। তবে এনসিপিকে একটি বৃহৎ ও স্বতন্ত্র রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে দাঁড় করানোর প্রয়াস সফল হয়নি বলেও মন্তব্য করেন তিনি।
এনসিপিতে না যাওয়ার পেছনে নিজের সিদ্ধান্ত ব্যাখ্যা করতে গিয়ে মাহফুজ আলম বলেন, ঢাকার কোনো একটি আসনে জোটের প্রার্থী হওয়ার চেয়ে দীর্ঘদিনের আদর্শিক অবস্থান ধরে রাখা তার কাছে বেশি গুরুত্বপূর্ণ।
তিনি আরও স্পষ্ট করেন, তাকে জোটের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়নি—এমন বক্তব্য সত্য নয়। বর্তমান পরিস্থিতিকে ‘শীতল যুদ্ধের সময়’ আখ্যা দিয়ে তিনি বলেন, এই সময়ে কোনো পক্ষ বেছে নেওয়ার চেয়ে নিজস্ব অবস্থানে দৃঢ় থাকাই শ্রেয়।
মাহফুজ আলমের ভাষায়, নূতন রাজনৈতিক-অর্থনৈতিক বন্দোবস্ত কেবল সম্ভবই নয়, বরং সময়ের দাবি। বিকল্প ও মধ্যপন্থী তরুণ শক্তির উত্থান খুব কাছেই বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
